চেন্নাই অধিনায়ক রুতুরাজ গাইকওয়াদকে বল করছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার আকাশ মাধওয়াল। রুতুরাজ বল পাঠিয়ে দেন সীমানার দিকে, দৌড়ে এসে সেই ক্যাচ ধরতে চান রোহিত শর্মা। কিন্তু ব্যর্থ হন তিনি, পড়ে গিয়ে স্লাইড করায় প্যান্ট খুলে যায় তার।
রোহিতের প্যান্ট খুলে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ক্যাচ ধরতে না পারলেও বাউন্ডারি ঠিকই বাঁচান মুম্বাইয়ের সাবেক অধিনায়ক। প্যান্ট খুলে যাওয়ায় হাসছিলেন তিনি। ওই ম্যাচে ২০ রানে হারে মুম্বাই।
নিজেদের মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনার রাহানেকে হারায় চেন্নাই। এরপর গাইকোয়াডকে নিয়ে ৫২ রানের জুটি করেন রাচিন রবীন্দ্র। রাচিন ২১ রানে ফিরে গেলেও ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন চেন্নাই অধিনায়ক।
চারে নামা দুবেকে নিয়ে ৯০ রানের জুটি গড়েন তিনি। তবে ম্যাচের ১৬তম ওভারে পান্ডিয়ার বলে ৬৯ রান করে আউট হন গাইকোয়াড। অধিনায়ককে হারিয়েও থেমে থাকেনি চেন্নাই। ড্যারেল মিচেল ও ধোনির ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় তারা। দুবে ৩৮ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন। আর চেন্নাইয়ের সাবেক অধিনায়ক ধোনি ৪ বল খেলে তিন ছক্কার বিনিময়ে ২০ রানে অপরাজিত থাকেন। তাতে ২০৬ রানের পুঁজি পায় চেন্নাই।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করে মুম্বাই। রোহিত ও কিষানের ওপেনিং জুটি থেকে আসে ৭০ রান। তবে পাথিরানা এক ওভারেই দুই উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেন মুম্বাইকে। একপ্রান্তে রোহিত খেলতে থাকলেও তাকে অন্যরা তেমনভাবে সঙ্গ দিতে পারেনি।
রোহিত শর্মা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৩ বলে ১০৫ রানে। চেন্নাইয়ের হয়ে ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন পাথিরানা। এ জয়ের পর ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে চেন্নাই। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে মুম্বাই ইন্ডিয়ান্স।

Comments are closed.