কুকুরের কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গ্রিসের আরিস থেসালোনিকির রাইট উইঙ্গার কার্লেস পেরেস। ২৭ বছর বয়সী স্প্যানিশ এই ফুটবলারের বিশেষ অঙ্গে গভীর কামড় লেগে ছয়টি সেলাই দিতে হয়েছে।
গ্রিসের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পেরেস নিজের পোষা কুকুরকে হাঁটাতে বের হলে আরেকটি কুকুর হঠাৎ আক্রমণ চালায়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে গিয়ে কুকুরের কামড়ে বিশেষ অঙ্গে গভীর কামড়ে আহত হন পেরেস। গুরুতর অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়, সেখানে ক্ষত স্থানে ছয়টি সেলাই দেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর এবং অস্ত্রোপচারের বিষয়টি বিবেচনায় রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখতে আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। ফলে অন্তত কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এতে করে আরিস থেসালোনিকির আসন্ন কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না।
এসপানিওলের যুব টিম থেকে কার্লেস পেরেসের ফুটবল জীবন শুরু হয়। পরে ২০১২ সালে বার্সেলোনার লা মাসিয়ার সদস্য হন। ২০১৯-২০ মৌসুমে বার্সেলোনার মূল দলে খেলেন এবং পরবর্তীতে রোমা, সেল্টা ভিগো এবং গেটাফের হয়ে খেলেছেন। বর্তমানে আরিস থেসালোনিকিতে খেলছেন তিনি।

One Reply to “গোপনাঙ্গে কুকুরের কামড়, গুরুতর আহত বার্সেলোনার সাবেক ফুটবলার”
Comments are closed.