ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে নেইমার জুনিয়র। সময়টা অবশ্য চুটিয়ে উপভোগ করছেন তিনি। গত বছর পৃথিবীতে এসেছে তার প্রথম মেয়ে মাভি। তার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি প্রায়ই ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন নেইমার। এরই মধ্যে জানা গেল চমক জাগানো খবর। ফের সন্তানের বাবা হয়েছেন এই সাম্বাবয়।
দ্বিতীয় সন্তানের জন্মের নয় মাসের মাথায় তৃতীয় সন্তানের আগমন নেইমারের ঘরে। ব্রাজিলিয়ান সুপারস্টার অনেকটা চুপিসারেই পৃথিবীতে স্বাগত জানিয়েছেন তার দ্বিতীয় কন্যা হেলেনাকে।
নেইমারের তৃতীয় সন্তান তথা হেলেনার মা আমান্দা কিম্বার্লি। তিনিও ব্রাজিলের একজন মডেল এবং ইনফ্লুয়েন্সার। একই দিনে তিনিই সন্তানের পৃথিবীতে আগমনের কথা ইনস্টাগ্রামে জানান দেন।
গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে নেইমারের এসিএল লিগামেন্ট ছিঁড়ে যায়। তখন থেকেই মাঠের বাইরে তিনি। সম্প্রতি সৌদি লিগের দল আল হিলালের অনুশীলনে ফিরেছেন ৩২ বছর বয়সী নেইমার। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচেই জাতীয় দলের জার্সিতে ফিরতে পারেন নেইমার।
