সাধারণ নির্বাচনে ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ৭০ আসনে বেসরকারি ফলাফল জানা গেছে পাকিস্তানে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী ২৪ আসনে জয় পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থন স্বতন্ত্র প্রার্থীরা। ১৮টি আসনে জয় পেয়েছেন নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজে (পিএমএল-এন)। আর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা জিতেছেন ২৪টি আসনে। অন্যদিকে অন্যান্য দল পেয়েছে চারটি আসন। তবে প্রাথমিক ফলাফলে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র এগিয়ে থাকলেও, ভোট গণনায় অস্বচ্ছতার গন্ধ পাচ্ছেন পাকিস্তান ক্রিকেটার মোহাম্মদ আমির। দেশটির ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের হয়ে সরাসরি কথা বলে রীতিমতো বোমা ফাটিয়েছেন এই ফাস্ট বোলার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নির্বাচন নিয়ে পোস্ট করেছেন আমির। সেখানে তিনি লিখেন, পুরো পাকিস্তানজুড়ে প্রাথমিক ফলাফলে পিটিআই এগিয়ে রয়েছে। কিন্তু হঠাৎ ফলাফলের বিলম্ব শঙ্কা বাড়াচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। পরবর্তী আপডেটের অপেক্ষায় আছি ও সুষ্ঠু ফলাফলের আশা করছি।’এর আগে ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব হচ্ছে বলে কারচুপির অভিযোগ করছেন ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। বার্তা সংস্থা রয়টার্স বলছে- দেশটিতে এর আগের নির্বাচনের দিন স্থানীয় সময় মধ্যরাতের মধ্যে কোন দল এগিয়ে ছিল সে সম্পর্কে একটি পরিষ্কার চিত্র পাওয়া গিয়েছিল। আর এবার ভোট গ্রহণের ২০ ঘণ্টার পর শুক্রবার স্থানীয় সময় সকাল সোয়া ৮টা পর্যন্ত ২৬৫ আসনের মধ্যে মাত্র ১০টি আসনের ফল পাওয়া গেছে।

Comments are closed.