২০০ ফুট লম্বা একটি রেডিও টাওয়ার চুরি

যুক্তরাষ্ট্রের আলাবামাতে ২০০ ফুট লম্বা একটি রেডিও টাওয়ার চুরি হয়ে গেছে। এই ঘটনায় বন্ধ হয়ে গেছে রেডিও স্টেশনটির কার্যক্রম।

রেডিও স্টেশনের কর্মীরা জানিয়েছেন, তাদের কোন ধারণাই নেই যে কীভাবে চোররা ভারী ইস্পাতের তৈরি টাওয়ারটি চুরি করেছে।

ডব্লিউজেএলএক্স নামের ওই রেডিও স্টেশনটির জেনারেল ম্যানেজার ব্রেট এলমোর বলেছেন, তিনি আশাবাদী যে কেউ আইন প্রয়োগকারীদেরকে চুরি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবেন। আমরা খুঁজে বের করব কে এটি করেছে। এটি একটি অপরাধ।

ব্রেট এলমোর বলেন, আমি সপ্তাহজুড়ে ভাবছি যে কীভাবে ঘটনাটি ঘটলো। আমি রেডিও ব্যবসায় আমার পুরো জীবন ধরেই রয়েছি। পেশাগতভাবে ২৬ বছর ধরে আমি এর সাথে যুক্ত। আমি জীবনে এমন কিছু ঘটতে শুনিনি।

এলমোর বলেন, তিনি চুরির বিষয়ে প্রথম জানতে পেরেছিলেন যখন একজন সদস্য ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি আমাকে ফোনে জানায় যে, টাওয়ারটি সেখানে নেই। তখন আমি বললাম, তুমি কি বলতে চাচ্ছো যে টাওয়ারটি উধাও হয়ে গেছে? তুমি কি নিশ্চিত যে তুমি ঠিক জায়গায় আছ? এরপর ওই সদস্য তাকে জানান, টাওয়ারটি আসলেই এখানে নেই। সর্বত্র টাওয়ারের তার পড়ে আছে।

একটি ফেসবুক পোস্টে এলমোর বলেন, চোরেরা টাওয়ারটিকে সুরক্ষিত করে এমন তারগুলো কেটে ফেলে এর সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। রেডিও স্টেশনটি এখন টাওয়ারটি পুনর্নির্মাণের জন্য কর্তৃপক্ষের সাথে কাজ করছে।

 

এনএএন টিভি