গত প্রায় এক মাস ধরেই আন্দোলনে উত্তাল বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে হাসিনার পদত্যাগের পরেও থামছে না উত্তেজনা। দেশজুড়ে চলমান এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন জাতীয় দলের ফুটবলার টুটুল হোসেন বাদশা।
মঙ্গলবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই বিষয়টি জানান তিনি। সেই সঙ্গে নিজের রক্তাক্ত ছবি এবং ভিডিও শেয়ার করেন এই ডিফেন্ডার।
বাদশার ভাষ্য, ‘আনুমানিক রাত ৯টায় এলোপাতাড়িভাবে গুলি ছুঁড়ে পুলিশ বাহিনী। আমি আমার বাসার সামনে অবস্থান করছিলাম। সেই সময় আমার চোখের উপরে এসে একটি গুলি লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক, একটা প্রশ্ন থেকেই গেল। সময় হলে সেই বিষয়ে কথা হবে।’
২০১৩-১৪ মৌসুম থেকে নিয়মিত ফুটবল খেলছেন বাদশা। ২০১৭-১৮ মৌসুমে ঢাকা আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগে খেলেন। ঐতিহ্যবাহী ক্লাবটির জার্সিতে পাঁচ মৌসুমে ৭৫ ম্যাচ খেলেন তিনি। ঢাকা আবাহনীর জার্সিতে তিনটি শিরোপাও জিতেছেন। এরপর ২০২২-২৩ মৌসুমে বসুন্ধরা কিংসে যোগ দেন তিনি।
