দীর্ঘদিন অসুস্থ থাকার পর নেতাকর্মীদের সামনে কথা বলতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন বেগম জিয়া।
তিনি বলেন, ‘আমি কারাবন্দি থাকাবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন সে জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের তরফ থেকে মুক্তি পেয়েছি।’
আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে
এই সংগ্রামে শত শত শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই বিজয় নতুন সম্ভাবনা নিয়ে এসেছে।
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা-যোগ্যতা-জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সব ধর্ম-বর্ণের অধিকার নিশ্চিত করতে হবে।’
তরুণদের হাত শক্তিশালী করার আহ্বান জানিয়ে বেগম জিয়া বলেন, ধ্বংস-প্রতিশোধ-প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা-শান্তি-জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।
উল্লেখ্য, দীর্ঘদিন পর বাধাহীন সমাবেশ করল বিএনপি। এতে চেয়ারপার্সনের বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নেতাকর্মীরা।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারির পর বেগম জিয়া আর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলতে পারেননি।
দুই বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা ছয় মাস স্থগিত করে শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়। সোমবার বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়, বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়া হবে। এরপর মঙ্গলবার নির্বাহী আদেশে তাকে মুক্তি দেয়া হয়।
এদিকে, দীর্ঘ সময় পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখন উৎসবের আমেজ। এতদিন যেসব সভা-সমাবেশ করেছে দলটি সেগুলোতে উদ্বেগ-উৎকণ্ঠার মাঝেও জড়ো হতেন নেতাকর্মীরা। তবে আজকের চিত্র ভিন্ন। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা এতে যোগ দেন।
আরও পড়ুন :
