প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজে পরীক্ষা চালাবে কিউইরা

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সদ্ব্যবহার করতে চায় নিউজিল্যান্ড। কিউই প্রধান নির্বাচক গ্যাভিন লারসেন জানিয়েছেন, বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জনকেই ঘুরিয়ে-ফিরিয়ে ত্রিদেশীয় সিরিজে খেলানো হবে। যেন কারও প্রস্তুতিতে ঘাটতি না থাকে।

ক্রাইস্টচার্চে ৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। পরদিন পাকিস্তানের মোকাবিলা করবে নিউজিল্যান্ড।

গত আগস্টে উইন্ডিজ সফরে তিন টি২০-তেই ওপেনার হিসেবে মার্টিন গাপটিলের সঙ্গে ডেভন কনওয়েকে দেখা গিয়েছিল। তবে এ সিরিজে বর্ষীয়ান গাপটিলের বদলে ফিন অ্যালানকে দেখা যেতে পারে। কারণ, গাপটিল ফর্মে নেই। এ বছর ৯টি টি২০ খেলে হাফ সেঞ্চুরির দেখা পাননি তিনি।

অন্যদিকে অ্যালান স্কটল্যান্ডের বিপক্ষে ক’দিন আগে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন। তবে কিউইরা মরিয়া হয়ে রয়েছে অধিনায়ক কেন উইলিয়ামসনের ফর্মে ফেরার জন্য। চোট থেকে ফেরার পর ছন্দে নেই তিনি।

উইন্ডিজের বিপক্ষে তিন টি২০-তে ৭৫ রান করেছেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও তাঁর ব্যাটে রান ছিল না। উইলিয়ামসনও টি২০ বিশ্বকাপের আগে সিরিজটিতে ভীষণ গুরুত্বপূর্ণ মনে করছেন।

ব্ল্যাক ক্যাপদের টুইটে সেটা বলেছেনও উইলিয়ামসন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মতো ভালো দলের বিপক্ষে বিশ্বকাপের আগে খেলতে পারাটা দারুণ ব্যাপার। এরপর অস্ট্রেলিয়ায় গিয়েও আমরা প্রস্তুতি ম্যাচ খেলব। সেগুলোও কাজে লাগবে।’