বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যা করলেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদএসিবি

সহযোগী দেশগুলোর অধিনায়কদের মধ্যে জার্সির চার্লস পেরচার্দকেও পেছনে ফেলেছেন রশিদ। চারবার ইনিংসে ৪ উইকেট নিয়েছেন পেরচার্দ। সব মিলিয়ে টি–টোয়েন্টিতে অধিনায়কদের মধ্যে রশিদই সর্বোচ্চবার ইনিংসে ন্যূনতম ৪টি করে উইকেট নিয়েছেন।

কিন্তু বাংলাদেশের বিপক্ষে গতকালের হার পোড়াচ্ছে ২৭ বছর বয়সী এ অধিনায়ককে। ব্যাটিংয়ে নেমে সপ্তম উইকেটে নুরুল হাসান ও রিশাদ হোসেন ১৮ বলে ৩৫ রানের জুটি গড়ে ৮ বল হাতে রেখেই বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। রশিদ মনে করেন, ম্যাচটা আফগানিস্তান আরও ভালোভাবে শেষ করতে পারত।

৯ রানে ৬ উইকেট হারানো নিয়ে জাকের বললেন, ‘এমন হতেই পারে’

হারের পর রশিদ খান বলেন, ‘এখনো মনে হচ্ছে, আমরা আরও ভালোভাবে শেষ করতে পারতাম। টি-টোয়েন্টিতে ছন্দ হারানোর সুযোগ নেই, একবার ছন্দ হারালে তা ফিরিয়ে আনা কঠিন। আমার এটাও মনে হয়, প্রথম ১০ ওভারে আমরা ঠিকঠাক বোলিং করতে পারিনি। যত বেশি স্টাম্পে বল করা যায়, তত ভালো, কারণ ,বাইরে বল করলেই রান নেওয়া সহজ হয়ে যায়। আমি মনে করি, আমরা যখনই নিয়মিতভাবে স্টাম্পে বল করতে শুরু করেছি এবং ব্যাটসম্যানদের প্রশ্নের মুখে ফেলেছি, তখনই ম্যাচে ফিরতে পেরেছি।’

সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে আজই
সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে আজইএসিবি

ব্যাটিংয়েও আফগানিস্তান উইকেট বিলিয়েছে। ২৫ রানের উদ্বোধনী জুটি গড়া আফগানিস্তান ৪০ রানে হারায় ৪ উইকেট। বলা যায়, পুরো ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। পঞ্চাশ রানের জুটিও কেউ গড়তে পারেনি, সর্বোচ্চ ৩৩ রানের জুটি গড়েছেন আজমতউল্লাহ ওমরজাই ও রহমানউল্লাহ গুরবাজ।

ব্যাটিং নিয়ে রশিদ বলেছেন, ‘আমরা খুব সহজেই উইকেট বিলিয়ে দিয়েছি। আশা করি, আমরা শিখতে থাকব এবং আরও উন্নতি করব, কারণ, মূল লক্ষ্য হলো বিশ্বকাপের প্রস্তুতি। ব্যাটসম্যানদের উচিত নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়া—সময় নেওয়া যেতে পারে, কিন্তু চাপের মুখে শট বাছাইয়ের ভুলটা হয়ে যায়।’

শারজায় সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে আজই।