ভারতের ব্যাটার ক্রিকেটকে বিদায় জানালেন ,পূজারা

ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা। রোববার নিজের সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘ভারতের জার্সি গায়ে চাপানো, জাতীয় সঙ্গীত গাওয়া, আর মাঠে নামলেই সেরাটা দেওয়ার চেষ্টা করা—এই অনুভূতিকে ভাষায় প্রকাশ করা কঠিন। তবে যেমনটা বলা হয়, সবকিছুরই একদিন শেষ আসে। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার।’

২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তার শুরুটাও হয়েছিল অজিদের বিপক্ষেই। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরু টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পূজারার। এরপর খেলেছেন ১০৩টি টেস্ট ও ৫টি ওয়ানডে। টেস্টেই ছিলেন সেরা। ৭১৯৫ রান করেছেন ৪৩.৬০ গড়ে। ভারতের হয়ে টেস্টে অষ্টম সর্বোচ্চ রান নিয়ে বিদায় নিলেন তিনি। ভারতীয় দলে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী হয়ে দীর্ঘদিন তিনি তিন নম্বরে খেলেছেন।

২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফর ছিল তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত। চার ম্যাচে ৫২১ রান করে সিরিজসেরা হন পূজারা। সেই সিরিজেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে ভারত। ২০২০-২১ অস্ট্রেলিয়া সফর ও ২০২৩ সালের শুরুর দিকে ঘরের মাঠের সাফল্যেও তিনি ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য।

বিদেশের মাটিতে ভারতের টেস্ট সিরিজ় জয়ে পুজারার অবদান ছিল গুরুত্বপূর্ণ। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে পর পর দু’বার টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ২০১৮-১৯ মৌসুমের সিরিজে করেছিলেন ৫২১ রান। সেই সিরিজে ৩টি শতরান এসেছিল তার ব্যাট থেকে। ১০৩ টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তার সর্বোচ্চ রান অপরাজিত ২০৬। ১৯টা শতরান এবং ৩৫টা অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। দেশের হয়ে ৫টা এক দিনের ম্যাচে করেন ৫১ রান। সর্বোচ্চ ২৭। সাদা বলের ক্রিকেটের জন্য তাকে কখনও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭৮টা ম্যাচে ৫১.৮২ গড়ে ২১৩০১ রান করেছেন। সর্বোচ্চ ৩৫২। ৬৬টা শতরান এবং ৮১টা অর্ধশতরান রয়েছে তার ঝুলিতে।

শেষ বার ভারতীয় জার্সিতে ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন পূজারা। তার পর থেকে জাতীয় দলে ব্রাত্য তিনি। এর মধ্যে গত মাসে ভারতের ইংল্যান্ড সফরে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। সেই পূজারা কয়েক দিন আগেও হাল ছাড়ার কথা ভাবেননি। জাতীয় দলে ফেরার আশা বাঁচিয়ে রাখতে আগামী মরসুমেও রঞ্জি ট্রফি খেলার কথা জানিয়েছিলেন কয়েক দিন আগে। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থাকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে পুজারা বলেছিলেন, ‘‘জাতীয় দলে ফিরতে চাই। যত দিন খেলব, সেই লক্ষ্যই থাকবে। এখনও নিজের ফিটনেসের দিকে নজর দিই। নিজেকে তৈরি রাখি। যে সুযোগ পাই তা কাজে লাগানোর চেষ্টা করি।” ফলে পূজারার হঠাৎ অবসরের সিদ্ধান্ত খানিকটা হলেও বিস্মিত করেছে ক্রিকেটপ্রেমীদের।

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আইপিএল খেলেছেন পূজারা। প্রথম দু’বছর খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। পরের তিন বছর খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। শেষ বছর খেলেন পঞ্জাব কিংসের হয়ে। তার পর আইপিএলের কোনও দল তাঁকে নেয়নি।

 

এনএএন টিভি