বিশ্বকাপের দল ঘোষণা না হলেও কারা কারা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরছেন তা মোটামুটি নিশ্চিতই মনে হচ্ছিল এতদিন। তবে ঝামেলাটা বাধে জিম্বাবুয়ে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিত আগে তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ায়। সেই সঙ্গে দলের ব্যাটিং নতুন করে ভাবনায় ফেলেছে নির্বাচকদের। ফলে শেষ মুহূর্তে চমক দেখা যেতে পারে বিশ্বকাপ দলে।
আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার কথা বিসিবির। গতকালই দল ঘোষণার কথা থাকলেও তাসকিন আহমেদের ইনজুরির কারণেই পিছিয়ে গেছে তা। গতকাল পাওয়া গেছে তার স্ক্যান ও এমআরআই রিপোর্ট। যাতে নিশ্চিত হওয়া গেছে, তাসকিনের শরীরের ডান দিকে মাংসপেশীতে চিড় ধরেছে। তার ইনজুরি ঠিক কোন মাত্রার তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে।
ধোঁয়াশা থাকলেও তাসকিনকে নিয়েই বাংলাদেশ বিশ্বকাপের উদ্দেশ্যে যাত্রা করবে বলে আভাস পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, আগামী দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাসকিনকে। সে হিসেবে বিশ্বকাপের আগেই ফিট হয়ে যাওয়ার কথা তাসকিনের। বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৮ জুন।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে সেই সিরিজের স্কোয়াড আজই ঘোষণা করা হবে। জানা গেছে, ১৭-১৮ জন খেলোয়াড় নিয়ে এই সিরিজের দল ঘোষণা করা হবে। আর সেই দল থেকেই বিশ্বকাপের চূড়ান্ত দল বাছাই করা হবে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের স্কোয়াডে চমক হিসেবে আসতে পারে মেহেদী হাসান মিরাজের নাম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে ১৭জন খেলোয়াড়কে নিয়ে প্রাথমিক অনুশীলন ক্যাম্প করেছিল বাংলাদেশ। সেই ক্যাম্পে ছিল না মিরাজের নাম। তখন বলা হয়েছিল এই ক্যাম্পের দলের সঙ্গে শুধু যোগ হবেন সাকিব আর মুস্তাফিজ। এদের থেকেই বাছাই করা হবে বিশ্বকাপের দল।
তবে এটাও বলা হয়েছিল, প্রয়োজনে মিরাজের নাম যুক্ত হতে পারে দলে। জিম্বাবুয়ে সিরিজে ব্যাটারদের ফর্ম ও ইনজুরি শঙ্কার কারণে ফের আলোচনায় মিরাজের নাম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ তো বটেই বিশ্বকাপের দলেও থাকতে পারেন মিরাজ।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন মিরাজ। সেই টুর্নামেন্টে মেইকশিফট ওপেনার হিসেবে ইনিংসের উদ্বোধনও করেন তিনি। খেলেছেন ওয়ানডে বিশ্বকাপেও। বিভিন্ন পজিশনে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বলে রান আটকে রাখার ক্ষমতার কারণেও তাকে দলে বিবেচনা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Comments are closed.