মুসলিম ধর্মাবলম্বীরা বিশ্বজুড়ে পবিত্র রমজান মাস পালন করছেন। এমন সময় ক্রীড়াঙ্গনে খেলা চলছিল, কিন্তু কিছু লিগে ইফতারে এর জন্য আনুষ্ঠানিক বিরতি নেই।
ফ্রান্সের লিগ ওয়ান-এর ম্যাচে এমনই একটি দৃশ্য দেখা গেছে, যেখানে খ্রিষ্টান ধর্মাবলম্বী গোলরক্ষক অ্যান্থনি লোপেজ মুসলিম সতীর্থদের সুবিধার জন্য ইনজুরির ভান করেছেন। লিগ ওয়ানে এফসি নঁতে বনাম লে হাভরে এসি-এর ম্যাচে এ ঘটনা ঘটেছে।
৭৪তম মিনিটে ইফতারের সময় হওয়ায় লোপেজ বাম হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠে বসে পড়েন এবং অস্বস্তির ইঙ্গিত দেখান। এতে চিকিৎসক দল মাঠে প্রবেশ করে এবং খেলা সাময়িকভাবে বন্ধ থাকে। সংক্ষিপ্ত বিরতির সুযোগে নঁতের মুসলিম খেলোয়াড়রা টাচলাইনে গিয়ে পানি ও খেজুর খেয়ে রোজা ভাঙেন।
বিদেশি গণমাধ্যমের মতে, ফরাসি লিগে ধর্মীয় কারণে খেলা থামানোর কোনো নিয়ম নেই। তাই লোপেজকে এই কৌশল অবলম্বন করতে হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২১ সাল থেকে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়রা স্বল্প বিরতির সুযোগ পান।
রোজার সময় প্রিমিয়ার লিগে গোলকিক বা থ্রো–ইনের মতো স্বাভাবিক বিরতির সময় খেলোয়াড়রা টাচলাইনে গিয়ে খাবার বা পানীয় গ্রহণ করতে পারেন।
ফরাসি লিগে সেই নিয়ম না থাকা সত্ত্বেও সতীর্থদের রোজা ভাঙার সুযোগ করে দেওয়ায় প্রশংসা কুড়াচ্ছেন লোপেজ।
অল্প সময় পরই নঁতের এই পর্তুগিজ গোলরক্ষক উঠে দাঁড়ান এবং কোনো দৃশ্যমান অস্বস্তি ছাড়াই খেলা চালিয়ে যান। একইভাবে খেলায় ফেরেন বাকি ফুটবলাররা।
