সাড়ে ৭ কোটি টাকা বরাদ্দ হলেও ফাইলবন্দি টেন্ডার: গ্র্যান্ড ট্রাংক রোডে দুর্ভোগে লাখো মানুষ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ রেললাইন থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়া পর্যন্ত বিস্তৃত ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক রোডটি এখন জনভোগান্তির অন্য নাম। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যা এখন এলাকাবাসীর কাছে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীগঞ্জ রেললাইন থেকে মোগরাপাড়া পর্যন্ত সড়কের অধিকাংশ জায়গার বিটুমিন ও খোয়া উঠে গেছে। বিশেষ করে চেয়ারম্যান বাড়ি, বিদ্যুৎ অফিস, পদুঘর ও মিনার বাড়ি সংলগ্ন অংশগুলোর অবস্থা সবচেয়ে করুণ। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে সড়কটি দেখে চেনার উপায় নেই এটি মূল রাস্তা নাকি কোনো ডোবা।
দুর্ঘটনার ঝুঁকি ও জনদুর্ভোগ গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সড়কটি বেহাল হওয়ায় বর্তমানে এই রুটে রিকশা, সিএনজি বা পণ্যবাহী যানবাহন চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, খানাখন্দে চাকা আটকে প্রায়ই রিকশা ও ইজিবাইক উল্টে গিয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।শুষ্ক মৌসুমে ধুলোবালিতে পথচারীরা অতিষ্ঠ হলেও, বর্ষাকালে কাদার কারণে সড়কটি দিয়ে হেঁটে চলাও প্রায় অসম্ভব হয়ে পড়ে।
বাজেট পাস হলেও কাজ শুরু হয়নি সড়কটির বেহাল দশা নিয়ে সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়ে) বিভাগের সাথে যোগাযোগ করা হলে আশার কথা শুনিয়েছেন তারা। দপ্তর সূত্রে জানা গেছে, এই সড়কটি সংস্কারের জন্য সরকার ইতিমধ্যে প্রায় সাড়ে সাত কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়েছে। তবে বরাদ্দ মিললেও কাজ শুরু হওয়া নিয়ে ধোঁয়াশা কাটেনি। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, কাজের টেন্ডার বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু হবে।
জনমনে ক্ষোভ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বরাদ্দের খবর থাকলেও মাঠ পর্যায়ে কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, “রাস্তাটি দিয়ে চলাচল করা এখন আমাদের জন্য শাস্তির মতো হয়ে দাঁড়িয়েছে। জনপ্রতিনিধিদের বারবার বলা সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না।”
এলাকার সামাজিক ও ব্যবসায়িক সংগঠনগুলোর দাবি, টেন্ডার প্রক্রিয়া দ্রুত শেষ করে জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card