ঘরের মাটিতে ২০২৩ সালের বিশ্বকাপ খেলেছে ভারত। ব্যাট হাতে যেখানে আসরের সেরা পারফর্মার ছিলেন বিরাট কোহলি।
এই মেগা আসর ছাড়া এশিয়া কাপেও দুর্দান্ত ছিলেন তিনি। বছরজুড়ে এমন পারফরম্যান্সের জন্য ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের স্বীকৃতি পেলেন কোহলি।
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আরো তিনজন। মোহাম্মদ শামি, শুবমান গিল ও ড্যারিল মিচেলকে হারিয়েছেন কোহলি।
২০২৩ সালে ওয়ানডেতে দারুণ ধারাবাহিক ছিলেন কোহলি। গত বছর ২৪ ইনিংসে ব্যাটিং করে ৭২.৪৭ গড়ে করেছেন ১ হাজার ৩৭৭ রান করেছিলেন কোহলি।
যেখানে ৬ সেঞ্চুরি ও ৮ ফিফটির দেখা পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। এই সময়ে তিনি ব্যাটিং করেছেন ৯৯.১৩ স্ট্রাইক রেটে।
বছরের শুরুটা হয় তার সেঞ্চুরি দিয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১১৩ রান। এক ম্যাচ পর লঙ্কানদের বিপক্ষেই খেলেন ১৬৬ রানের অপরাজিত ইনিংস।
কোহলির সেরা সময়টা কাটে ঘরের মাঠের বিশ্বকাপে। যেখানে নতুন ইতিহাস গড়েন ভারতের এই সাবেক অধিনায়ক।
সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে শতকসহ আসরে তিন সেঞ্চুরিতে ৯৫.৬২ গড়ে তিনি করেন ৭৬৫ রান।
এই টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড।
বিশ্বকাপের মাঝেই ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি ৫০ সেঞ্চুরির রেকর্ড গড়েন কোহলি।
ছাড়িয়ে যান তার পূর্বসূরি কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির কীর্তি।
অর্জনে ভরা বছরের জন্য এবারের সেরার সম্মাননাও উঠল ৩৫ বছর বয়সী কোহলির হাতে।
২০২৩ সালে পুরো বছর জুড়েই দুর্দান্ত ফর্মে ছিলেন শুবমান গিল।
সব মিলিয়ে গত বছর ২৯ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে এক হাজার ৫৮৪ রান করেছেন তিন।
যেখানে তিনি ব্যাটিং করেছেন ৬৩.৩৬ গড় ও ১০৫.৪৫ স্ট্রাইক রেটে।
মোহাম্মদ শামি গত বিশ্বকাপে রীতিমতো আগুন ঝরিয়েছেন। ঘরের মাঠের সেই আসরে সাত ম্যাচে মাত্র ১০.১৭ গড়ে শিকার করেছেন ২৪ উইকেট।
আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে ছিলেন তিনি।
সেমি-ফাইনালে একাই ৭ উইকেট নিয়ে ভারতকে ফাইনালের টিকিট এনে দিয়েছিলেন এই পেসার। সব মিলিয়ে পুরো বছরে ১৯ ম্যাচে তার শিকার ৪৩ উইকেট।
এদিকে ২০২৩ সালটা দারুণ কাটিয়েছেন ড্যারিল মিচেল। ২৫ ইনিংসে ৫ সেঞ্চুরির সঙ্গে ৩ ফিফটিতে তিনি করেছেন এক হাজার ২০৪ রান।
এর সঙ্গে তার ঝুলিতে আছে ৯ উইকেট ও ২২টি ক্যাচ। বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুটি সেঞ্চুরিসহ ৬৯ গড় ও ১১১.০৬ স্ট্রাইক রেটে তিনি করেছেন দলের দ্বিতীয় সর্বোচ্চ ৫৫২ রান।

Comments are closed.