কেন ইংল্যান্ডের কোচ হতে চান না পন্টিং? ফিরতে চান আইপিএলে

ইংল্যান্ড জাতীয় দলের কোচ হতে পারেন রিকি পন্টিং , এমন গুঞ্জন ছিল গত কয়েকদিন ধরেই। তবে এবার এই গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে এখনই না আসার বার্তা দিয়ে জানিয়েছেন, কোচ হিসেবে আপাতত আইপিএলেই কাজ করতে চান তিনি।

বাইশ গজের লড়াই থেকে বিদায় নেয়ার পর ক্রিকেটীয় নানা কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। উপস্থাপনা, ধারাভাষ্য, আইপিএলে কোচিং, ক্রিকেট বিশ্লেষণসহ বিভিন্ন দায়িত্বে দেখা যায় তাকে। তবে এসবের মাঝে ইংল্যান্ডের সাদা বলের কোচ হওয়ার প্রস্তাবও মিলেছে। তবে এই প্রস্তাবে পন্টিং যা বলেছেন, তা ইংলিশ ভক্তদের কিছুটা হলেও হতাশ করবে।

ইংল্যান্ডে কোচিং করানোর কথা আপাতত ভাবতে চাইছেন না পন্টিং। কোচ হওয়ার কথা বিবেচনাও করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক এই অজি ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হিসেবে দায়িত্ব পালন করতে অনেক সময়ের প্রয়োজন। আর সেই সময়টা বের করা তার জন্য এখন বেশ কঠিন কাজ বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, ইংল্যান্ড দলের হাল ধরা বেশ চ্যালেঞ্জিং বলেও মনে করেন সাবেক অজি কাপ্তান।

পন্টিং আরও বলেন, “আমার অন্যান্য প্রতিশ্রুতিও আছে, টিভিতে কাজ করা এবং যে কাজগুলো করি, সেগুলোর ভারসাম্য রাখার, একই সঙ্গে বাড়িতে যথেষ্ট সময় থাকার চেষ্টা করছি, গত কয়েক বছরে যা খুব বেশি পারিনি। অন্যান্য আন্তর্জাতিক দলকে কোচিং করানো এক ব্যাপার, আর একজন অস্ট্রেলিয়ানের জন্য ইংল্যান্ডের কোচিং করানো সম্ভবত কিছুটা ভিন্ন ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আমি যথেষ্ট ব্যস্ত।”

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের শিরোপা জয়ী কোচ হিসেবে সম্প্রতি সফল একটি টুর্নামেন্ট শেষ করেছেন পন্টিং। দলটিতে তার চুক্তির আরও এক বছর বাকি আছে। এছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন টেলিভিশন ও ধারাভাষ্যে কাজ করেন তিনি। অস্ট্রেলিয়ার দুবারের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়কের আশা, আবার আইপিএল কোচিংয়ে ফিরতে পারবেন তিনি।

পন্টিং জানান, “আমি আবার আইপিএলে কোচ হতে চাই। সেখানে প্রতি বছরই আমি দারুণ সময় কাটিয়েছি, সেটা একজন খেলোয়াড় হিসেবে শুরুর দিনগুলোতে হোক বা মুম্বাইয়ে প্রধান কোচ হিসেবে কয়েক বছরে। তারপর আমি সাতটি মৌসুম দিল্লিতে কাটিয়েছি। দুর্ভাগ্যবশত, আমি যেভাবে চেয়েছিলাম এবং ফ্র্যাঞ্চাইজি যেভাবে চেয়েছিল, সেভাবে সবকিছু হয়নি।”

এনএএন টিভি

Share this news as a Photo Card