রোহিত শর্মা কথায় নয় কাজে প্রমাণ দিতে চান

২০১১ সালের পর আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি ভারতের। ২০২১ সালের বিশ্বকাপেও সুবিধা করতে পারেনি বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। তবে সেই ব্যর্থতা কাটাতে এবার রোহিত শর্মাকে অধিনায়ক করে বিশ্বকাপে পাঠিয়েছে ভারত।

এ বিষয়ে রোহিত শর্মা বলেন, ‘অধিনায়ক হিসেবে এটাই আমার প্রথম বিশ্বকাপ। তাই বেশ উচ্ছ্বসিত। এটা আমাদের বিশেষ কিছু করার সুযোগ দিয়েছে। যতোবার আপনি বিশ্বকাপে আসবেন, ততোবারই একধরনের বিশেষ অনুভূতি পাবেন। ছেলেরাও বেশ উজ্জীবিত। আমার পার্থে ব্যাপক প্রস্তুতি নিয়েছি।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের শেয়ার করা ভিডিওতে রোহিত আরও বলেন, ‘আমি বলতে চাই, বিশ্বকাপ, বিশ্বকাপই। এটা বড় ইভেন্ট। সাথে আমরা বেশি কথা না বলার ধারাবাহিক চেষ্টা করছি। কারণ বর্তমানে কোনটা গুরুত্বপূর্ণ, মাঠে আপনি কী করতে চান সেটা নিয়ে ভাবতে হবে। আর সেটাই আমাকে মাঠে কী করতে চাই তা ঠিকভাবে করতে সাহায্য করবে।’

Share this news as a Photo Card