ইউজাররা যাতে কোনোভাবেই একঘেয়ে বোধ না করেন, তার জন্য নতুন বছরেও অনেকগুলো ফিচার আনার পরিকল্পনা করেছে মেটার অন্তর্ভূক্ত অ্যাপ হোয়াটসঅ্যাপ। তাতে যেমন ব্যবহারকারীরা আরও সুবিধা পাবেন, তেমনই ব্যক্তিগত তথ্য আরও গোপন রাখাও সম্ভব হবে।
কম্প্যানিয়ন মোড :
বর্তমানে দুই বা তার বেশি ডিভাইসে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেয় না এই সংস্থা। তবে শিগগিরই সেই ফিচারটিও চলে আসছে। এর ফলে একই প্রোফাইল অনেক স্মার্টফোনে চালু এবং ব্যবহার করতে পারবেন। কিছু অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে এই সুবিধা চালু থাকলেও অদূর ভবিষ্যতে সমস্ত অ্যান্ড্রয়েড ও আইফোন ইউজাররাই এই ফিচার ব্যবহার করতে পারবেন।
তারিখ লিখে সার্চ :
পুরোনো মেসেজ খোঁজার প্রক্রিয়া এখন আরও সহজ হতে যাচ্ছে। হোয়াটসঅ্যাপে তারিখ লিখেই খুঁজে পাওয়া যাবে সেই দিনের মেসেজ। ইতোমধ্যেই এই ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গেছে।
পিকচার-ইন-পিকচার :
হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছেন। কিন্তু সেই সময়ই অন্য ছবি দেখা কিংবা অন্য কোনো অ্যাপ খোলার প্রয়োজন হয়ে পড়েছে। কোনো অসুবিধা নেই। ভিডিও কলটি মিনিমাইজ করে অর্থাৎ ভিডিও কলের স্ক্রিনটি ছোট করে স্ক্রিনের যেকোনো অংশে তা রেখে অন্য কাজ নিশ্চিন্তে করতে পারেন। ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড ইউজাররা এই ফিচারের সুবিধা পান। নতুন বছরে iOS ইউজাররাও এই সুবিধাটি পাবেন।
ভিউ ওয়ান্স টেক্সট :
ধরুন আপনি কাউকে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠালেন। প্রাপক সেটি পড়ার পর তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। এই ফিচারটিই ভিউ ওয়ান্স টেক্সট নামে পরিচিত। অর্থাৎ একবার পড়ার পরই মেসেজটি মুছে যাবে। একান্ত ব্যক্তিগত কোনো তথ্য কিংবা স্পর্শকাতর বিষয়ে কথা বলার ক্ষেত্রে এই ফিচারটি খুবই কার্যকরী।
ডেস্কটপের স্ক্রিনলক :
স্মার্টফোনে তো পাসওয়ার্ড দিয়ে হোয়াটসঅ্যাপ লক করে রাখতে পারেন। কিন্তু বর্তমানে এই সুবিধা ডেস্কটপে পাওয়া যায় না। এবার ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য ডেস্কটপেও পাসওয়ার্ড দিয়ে গোপন রাখা যাবে নিজের প্রোফাইল।
ডেস্কটপে কল ট্যাব :
হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনে কলিংয়ের কোনো অপশন নেই। নতুন বছরে কল ট্যাবের অপশনও যুক্ত হতে যাচ্ছে।
স্টেটাসে ভয়েস নোট :
এতদিন হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি, ভিডিও, লিংক কিংবা নিজের মনের কথা লিখে পোস্ট করতে পারতেন। আগামী দিনেও তা পারবেন, কিন্তু তার সঙ্গে যুক্ত হবে আরও একটি ফিচার। নিজের ভয়েস নোটও এবার থেকে স্ট্যাটাসে আপলোড করা যাবে। ঠিক যেভাবে চ্যাট বক্স থেকে ভয়েস নোট পাঠান, সেভাবেই।
