ইরানজুড়ে ছড়িয়ে পড়া তীব্র দাবদাহে দেশটির পানি ও বিদ্যুৎ সরবরাহে মারাত্মক ব্যাঘাত ঘটিয়েছে। দেশটির সরকারি গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, এক শতাব্দীর মধ্যে জলাধারগুলোতে পানির স্তর সবচেয়ে নিচে নেমে গেছে।
আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানসহ দেশটির ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ১৮টি তীব্র তাপমাত্রার শিকার হয়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এ তাপ প্রবাহ বৃহস্পতিবার নাগাদ ধীরে ধীরে কমতে পারে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। পানি ও বিদ্যুৎ বাঁচাতে রাজধানীসহ অন্তত ১০টি প্রদেশে বুধবার সরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, অন্তত ১০টি প্রাদেশিক রাজধানীতে সোমবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। তেহরানেও এ বছর প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছেছে।
ইরানের রাজধানী তেহরানের পানি ব্যবস্থাপনা কোম্পানি বাসিন্দাদের অন্তত ২০ শতাংশ পানির ব্যবহার কমাতে আহ্বান জানিয়েছে। একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কয়েক বছর ধরে বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে তেহরানে পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধার বর্তমানে একশ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।
শনিবার ইরানের রক্ষণশীল পত্রিকা হিসেবে পরিচিত জাভানের প্রতিবেদনে বলা হয়েছে, সংকট মোকাবিলায় কর্তৃপক্ষ রাজধানীর কিছু অংশে পানি সরবরাহ কমিয়ে দিয়েছে, যার ফলে কিছু এলাকায় ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানি বন্ধ থাকছে।
পানি সরবরাহ কমিয়ে দেওয়ার কারণে বাসিন্দাদের কাছে রোববার ক্ষমা চেয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি। এ সময় যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।

One Reply to “তীব্র দাবদাহে বিপর্যস্ত ইরানের পানি ও বিদ্যুৎ সরবরাহ”
Comments are closed.