ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে এক কোটি ১৪ লাখ দুই হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির দুই কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ রায় দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চট্টগ্রামের ডাবলমুরিং থানার আসকারাবাদ মিস্ত্রিপাড়ার জিয়াউল হক ও তার ছেলে এনামুল হক, খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ও ইসলামী ব্যাংক যশোর শাখার সাবেক সিনিয়র অফিসার শেখ জামিল আহমেদ এবং যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে সাবেক গুদামরক্ষক মোয়াজ্জেম হোসেন।
এনামুল হক ও জিয়াউল হককে পৃথকভাবে চারটি ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনকে পাঁচটি ধারায় বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সাজা ১০ বছর।
