যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসার (এইচ-১বি) ওপর যে এক লাখ ডলার ফি ধার্য করা হয়েছে, তা আজ রোববার থেকে কার্যকর হচ্ছে। প্রতিটি আবেদনপত্রের সঙ্গে এটি আরোপ করা হবে। তবে যাঁরা আগে থেকেই বৈধ ভিসাধারী, তাঁদের বেলায় এ ফি প্রযোজ্য নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গতকাল হোয়াইট হাউসের এক পোস্টে মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘এটা বার্ষিক ফি নয়। এটা এককালীন, যা শুধু ভিসার আবেদনপত্রের বেলায় প্রযোজ্য।’
মুখপাত্র আরও বলেন, এইচ-১বি ভিসাধারী যাঁরা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন, তাঁদের দেশটিতে আবার প্রবেশ করতে এ এক লাখ ডলার ফি দিতে হবে না।
ভিসা ফি আরোপ করা নিয়ে শুক্রবার ট্রাম্প প্রশাসনের ওই ঘোষণার পর মাইক্রোসফট, জে পি মরগান, অ্যামাজনসহ কয়েকটি বড় প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ই–মেইলে তাদের এইচ-১বি ভিসাধারী কর্মীদের যুক্তরাষ্ট্রের ভেতরেই অবস্থান করার পরামর্শ দিয়েছে।
গোল্ডম্যান স্যাকসের একটা অভ্যন্তরীণ নোট রয়টার্সের হাতে এসেছে। গতকাল দেওয়া ওই নোটে কর্মীদের সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের ভিসাধারীরা যেন আন্তর্জাতিক ভ্রমণে সাবধানতা অবলম্বন করেন।

One Reply to “কর্মী ভিসা ফি নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন তথ্য জানাল হোয়াইট হাউস”
Comments are closed.