গত বৃহস্পতিবার শোনা গিয়েছিল, স্কুবা ডাইভিং নয়, বরং সাঁতার কাটতে গিয়েই পানিতে ডুবে মৃত্যু হয়েছে জুবিন গার্গের। গতকাল শুক্রবার সেই গুঞ্জনের সত্যতা মিলল। সিঙ্গাপুর সরকার ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিল গায়কের স্ত্রী গরিমা শইকীয়া গার্গের হাতে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছেন তিনি।
সিঙ্গাপুর পুলিশ (এসপিএফ) প্রয়াত গায়কের ময়নাতদন্তের রিপোর্ট এবং তার ওপর ভিত্তি করে তৈরি প্রাথমিক অনুসন্ধানের একটি অনুলিপি ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি, সিঙ্গাপুর পুলিশ জুবিনের স্ত্রী গরিমার সঙ্গেও কথা বলে। প্রসঙ্গত, ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী এবং ভারত ‘আসিয়ান’ পর্যটনের বর্ষপূর্তি উদ্যাপনে যোগ দিতে গিয়েছিলেন গায়ক।

ময়নাতদন্তের রিপোর্ট দেওয়ার পাশাপাশি সিঙ্গাপুরের প্রশাসন আরও জানিয়েছে, জুবিনের মৃত্যুবিষয়ক পুলিশি তদন্ত এখনো চলছে। তাই তাঁর ভক্ত ও অনুসারীদের এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ না করার পরামর্শ দিয়েছে তারা। প্রসঙ্গত, তদন্তের শুরুতেই গায়কের মৃত্যুর নেপথ্যে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল সিঙ্গাপুর সরকার।

জুবিনের মৃত্যু তদন্ত জারি থাকার সুবাদে ইতিমধ্যেই বেশ কিছু সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিঙ্গাপুর পুলিশ। অন্যদিকে আসাম পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ এর আগে গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করেছিল। বুধবার সংগীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী ও গায়িকা অমৃত প্রভা মহন্তকে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত গায়কের মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছেন মোট চারজন।
তথ্যসূত্র: নিউজ ১৮

One Reply to “জুবিনের ময়নাতদন্ত প্রতিবেদন পাঠাল সিঙ্গাপুর”
Comments are closed.