নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) সংঘর্ষে নিহত শ্রমিক হাবিবুর রহমানের পরিবারকে আবারও ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে হংকং ভিত্তিক চীনা কোম্পানি এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেড। এ নিয়ে কোম্পানির পক্ষ থেকে মৃত হাবিবুর রহমানের পরিবার মোট ৭ লক্ষ টাকা পেয়েছে।
বুধবার ( ২৪ সেপ্টেম্বর ) এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মি. ফেলিক্স ওয়াই.সি. চ্যাং-এর পক্ষ থেকে নিহত হাবিবুর রহমানের পরিবারের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। এসময় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এর নির্বাহী পরিচালক (ইডি) মোহাম্মদ আব্দুল জব্বার, কোম্পানির প্রশাসন ও সহায়তা ইনচার্জ মি. লি তাই পেং এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামীম উদ্দিন উপস্থিত ছিলেন।
এভারগ্রিনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামীম উদ্দিন বলেন, “২০১০ সালে উত্তরা ইপিজেডে এভারগ্রিন যাত্রা শুরু করে। এখানে প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করছে, যার মধ্যে ৮০ শতাংশই নারী। উন্নতমানের উইগ, হেয়ার এক্সটেনশন ও অন্যান্য পণ্য উৎপাদন করে কোম্পানি বিশ্ববাজারে সুনাম অর্জন করেছে। নিহত হাবিবুর রহমানের পরিবারকে দ্বিতীয়বারের মতো সহায়তা এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় কোম্পানি বহন করছে।”
বেপজার নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার জানান, বর্তমানে উত্তরা ইপিজেডে চীন, হংকং ও যুক্তরাজ্যসহ ৩৩টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ২৬টি চালু আছে। ১৭ জন বিদেশি বিনিয়োগকারী প্রায় ২২৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। সর্বমোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৫.৯ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে এখানে প্রায় ৩৫ হাজার শ্রমিক কর্মরত আছেন, যার ৭৫ শতাংশ নারী।
তিনি আরও বলেন, “উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উত্তরা ইপিজেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদেশি বিনিয়োগকারীরা এ অঞ্চলে আরও বিনিয়োগের পরিকল্পনা করছেন।”
উল্লেখ্য, সম্প্রতি উত্তরা ইপিজেডে একটি বুনন কারখানা ইকু ইন্টারন্যাশনাল-এর শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধকে কেন্দ্র করে শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে হাবিবুর রহমান নিহত হন।
স্থানীয়রা জানায়, উত্তরা ইপিজেড প্রতিষ্ঠার পর নীলফামারী অঞ্চলে দারিদ্র্য হ্রাস পেয়ে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। প্রায় ৫০ হাজার নারী-পুরুষ বর্তমানে কর্মজীবনের মাধ্যমে জীবনমান পরিবর্তন করেছেন।

2 Replies to “নিহত হাবিবুর রহমানের পরিবারকে এভারগ্রিন চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও ৫ লক্ষ টাকা সহায়তা”
Comments are closed.