পঞ্চগড় জেলা শহরে রাতের আঁধারে আকস্মিক এক কুকুরের কামড়ের শিকার হয়ে নার্সসসহ ১৩ জন আহত হয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার পর থেকে জেলা শহরের পৃথক স্থানে কুকুর কামড়ের এ ঘটনাগুলো ঘটে।
কুকুরের কামড়ে আহত সবাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা নিয়েছেন। বেশিরভাগ মানুষের পায়ে কামড়েছে কুকুর।
আক্রমণের শিকার কয়েকজন জানান, রাত ৮টার সময় জেলা শহরের ফায়ার সার্ভিস এলাকায় প্রথম এক যুবককে একটি কুকুর কামড়ে দেয়। এরপর শহরের মিঠাপুকুর, ডোকরোপাড়া, ইসলামবাগ ও ধাক্কামারাসহ বিভিন্ন এলাকায় আরও ১৩ জন কুকুরের কামড়ের শিকার হন। হালকা হলুদ গলায় সাদা রঙের এবং কালো সাদা রঙের দু’টি কুকুর রাস্তায় ঘুরে এভাবেই কামড়ে চলেছে।
আহতরা হলেন – পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জয়তুন বেগম (২৮), জেলা শহরের মিঠাপুকুর এলাকার আতাউর রহমান (৫৯) ও নজরুল ইসলাম (৫৫), লিচুতলা এলাকার রাজু (৪৫), ডোকরোপাড়া এলাকার কামরুজ্জামান (৫৫), ধাক্কামারা এলাকার আবুল কালাম (৬৬), কামাতপাড়া এলাকার জাবেদ আলী (২৬), মাগুরা খালপাড়া এলাকার নাইম (২২), গলেহা কান্তমনি এলাকার রনি (২৫), জগদল এলাকার ফেরদৌস আলী (২৬), অমরখানা এলাকার আবু মুসা (২২), দোমনি এলাকার আইনুল হক (৬০), দর্জিপাড়া এলাকার সিদ্দিকুল ইসলাম (২১), ময়দানদিঘী এলাকার বাঁধন (২০)।
