বাগেরহাটের মোল্লাহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে ভাতিজার ধারালো অস্ত্রের কোপে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬ টার দিকে উপজেলার জয়ডিহি দড়িয়াঘাটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের নাম- জামিল সরদার (৫০)।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই বংশের লোকজনের মধ্যে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সকালে জামিল সরদার তার সুপারির বিষয় জানতে চাইলে চাচাতো ভাই ইসরাইল সরদার ও তার ছেলে রইজ সরদার ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে জামিল সরদারকে কুপিয়ে আহত করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামে আরও দুজন আহত হয়েছেন। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম।

Comments are closed.