শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান সাগরকে রাজধানীর মুগদার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে জিজ্ঞাবাদ করার জন্য নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
রবিবার দিবাগত রাত দেড়টায় তার রাজধানীর বাসা থেকে ডিবি পরিচয়ে তাকে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মুক্তা রহমান।
তিনি জানান, রাতে আমরা ঘুমিয়ে ছিলেন, হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনী আমাদের দরজা নক করেন। তারা পোশাকধারী ডিবি পরিচয় দিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আমার স্বামীকে নিয়ে যায়। সোমবার ডিবি অফিসে তার খোঁজে গেলে তার খোঁজ আমরা পাইনি। তাকে নিয়ে আমরা খুব চিন্তিত। আমাদের ধারনা নির্বাচনের সময় ও চলমান আন্দোলনে তিনি সোচ্চার ছিলেন, এ কারনে হয়তো তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দাবি করছেন সাগর খুবই অসুস্থ, তাকে যেন দ্রুত মুক্তি দেয়া হয়।
সাগরের বাসায় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, পুলিশের পোশাক ও ডিবি পুলিশের পোশাকে কিছু আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করে। সেখানে ঘণ্টাখানেক তাদের অবস্থান করতে দেখা যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা বলে নিয়ে যায়।
উপজেলা বিএনপির নেতারা বলেন, এভাবে গ্রেপ্তার করে বিএনপির নেতা-কর্মীদের স্তব্ধ করা যাবে না। সাগরকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে। আমরা অবিলম্বে সাগরকে জনসম্মুখে হাজির করে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মুগদা থানা থেকে কোন বিএনপি নেতাকে আটক করা হয়নি। এ বিষয়ে আমার জানা নেই।
