ফের বাড়ছে তাপদাহ, সিলেটে বৃষ্টির আভাস!

বৃষ্টির কারণে কয়েকদিন গরমের তীব্রতা কিছুটা কমেছিল। আবার তাপমাত্রা বাড়তে পারার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের দুই বিভাগসহ ৯ জেলায় তাপদাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের অন্যান্য অঞ্চলেও তাপদাহ বিস্তার ঘটাতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

রোববার (৭ মে) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে,

খুলনা ও রাজশাহী বিভাগসহ ঢাকা, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে,

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন,

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তিনি আরও জানান, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

এন এ এন টিভি