ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আসপিয়া খাতুন (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সাতক্ষীরা–আশাশুনি সড়কের আলিয়া মাদরাসা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরী পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে।

মারা যাওয়া ওই কিশোরীর মামা মহসিন আলী জানান, বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজনের সঙ্গে ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে মাহফিল শুনতে যায় আশপিয়া। শুক্রবার একটি ইজিবাইকে করে তারা সবাই বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদরাসা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে পড়ে। একপর্যাযে সে ছিটকে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএএন টিভি