সাবেক ইসরায়েলি সেনাসদস্য শালেভ বিটনকে বিজ্ঞাপনে তুলে ধরায় ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী বয়কটের আহ্বান উঠেছে। অঙ্গহীন ব্যক্তিদের জন্য প্রতিষ্ঠানটির ‘সিঙ্গেল শু সার্ভিস’ বা এক জুতা সেবার প্রচারে বিটনকে ব্যবহার করা নিয়ে মূলত ফিলিস্তিনপন্থী অধিকারকর্মীরা সমালোচনা করছেন।
অ্যাডিডাসের প্রচারণার একটি ভিডিওতে ইসরায়েলের একটি দোকানে বিটনকে জুতা পরখ করতে দেখা যায়। পরে তাকে বাইরে দৌড়াতেও দেখা যায়। ২০২১ সালের ইসরায়েল-গাজা সংঘাতের সময় গাজার কাছে লড়াইয়ে আহত হয়ে তার বাম পা হারিয়েছিল।
রবিবার বয়কট আন্দোলনের একজন সমন্বয়কারী এই বিজ্ঞাপনকে ‘ফিলিস্তিনিদের প্রতি অপমান’ হিসেবে আখ্যা দিয়েছেন। ফিলিস্তিনপন্থী অধিকারকর্মীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও অ্যাডিডাসের পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছেন।
‘বয়কট, ডিভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস’ (বিডিএস) আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সংগঠন ‘ফিলিস্তিনিয়ান ক্যাম্পেইন ফর দ্য একাডেমিক অ্যান্ড কালচারাল বয়কট অব ইসরায়েল’-এর ক্রীড়া বয়কট প্রচারণার সমন্বয়কারী স্টেফানি ওয়েস্টব্রুক আল জাজিরাকে বলেন, অ্যাডিডাসের এই প্রচারণা ফিলিস্তিনিদের প্রতি ‘চরম অপমান’।
তিনি বলেন, ইসরায়েলি হামলায় স্বজন হারানো এবং নিজেদের অঙ্গ হারানো ফিলিস্তিনিদের জন্য এমন প্রচারণা গভীরভাবে অপমানজনক। তার মতে, এ ধরনের প্রচারণা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে এবং কোনো জবাবদিহি ছাড়াই এসব কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে।
ওয়েস্টব্রুক আরও বলেন, অ্যাডিডাসের প্রচারণায় এমন একজন ইসরায়েলি সেনাসদস্যকে সামনে আনা হয়েছে, যার পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশই তার সামরিক ভূমিকা। তিনি এমন একটি দেশের সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন, যে দেশ বর্তমানে গাজায় যুদ্ধ চালাচ্ছে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারত্ব বজায় রাখছে বলে অভিযোগ রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মে ২০২৬-এর হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৫ হাজারের বেশি মানুষের গুরুতর আঘাতজনিত অঙ্গচ্ছেদ হয়েছে। একই সময়ে ২২ হাজারের বেশি মানুষ বড় ধরনের অঙ্গপ্রত্যঙ্গের আঘাত পেয়েছেন। ডব্লিউএইচও আরও জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ২ হাজার ২৭৭ জন অঙ্গহানির শিকার ব্যক্তিকে মূল্যায়ন করা হয়েছে এবং ৫০২ জনকে কৃত্রিম অঙ্গ দেওয়া হয়েছে।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত গাজায় ১১ হাজারের বেশি শিশু জীবন বদলে দেওয়া ধরনের গুরুতর আঘাত পেয়েছে। ডব্লিউএইচওর হিসাবে, গাজায় দীর্ঘমেয়াদি পুনর্বাসনসেবা প্রয়োজন এমন আহত মানুষের সংখ্যা ৪২ হাজারের বেশি।
সমালোচকেরা বলছেন, অঙ্গহানির শিকার ফিলিস্তিনিদের তুলনায় বিজ্ঞাপনে একজন সাবেক ইসরায়েলি সেনাকে বেছে নেওয়ার বিষয়টি প্রশ্ন তৈরি করেছে। তবে তাদের মূল আপত্তি অ্যাডিডাসের অঙ্গহীনদের জন্য সেবাটির কার্যকারিতা নিয়ে নয়; বরং গাজা যুদ্ধের প্রেক্ষাপটে বিজ্ঞাপনের জন্য বিটনকে বেছে নেওয়া নিয়ে।
অ্যাডিডাস ইউরোপে ২০২৬ সালের ১৯ জানুয়ারি ‘সিঙ্গেল শু সার্ভিস’ চালু করে এবং মার্চে আনুষ্ঠানিকভাবে উদ্যোগটির ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির মালিকানাধীন স্টোরে ইউরোপের ২৩টি দেশে এই সেবা দেওয়া হচ্ছে।
এদিকে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমও অ্যাডিডাস বয়কটের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বয়কটের প্রচারণার পক্ষে ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। মার্কিন-ফিলিস্তিনি লেখক সুসান আবুলহাওয়া, পাকিস্তানি লেখক ফাতিমা ভুট্টোসহ ফিলিস্তিনপন্থী অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীও অ্যাডিডাসের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন।
অ্যাডিডাস এর আগেও ফিলিস্তিন ইস্যুতে বিতর্কের মুখে পড়েছিল। ২০২৪ সালের জুলাইয়ে ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিককে কেন্দ্র করে তৈরি একটি জুতার প্রচারণা থেকে মার্কিন-ফিলিস্তিনি মডেল বেলা হাদিদকে সরিয়ে দেয় প্রতিষ্ঠানটি। পরে অ্যাডিডাস এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানায়, তাদের সিদ্ধান্ত ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’। তবে বেলা হাদিদকে ওই প্রচারণায় ফিরিয়ে আনা হয়নি।
অ্যাডিডাসকে ঘিরে এবারের বিতর্কও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বয়কটের ডাক জোরালো করেছে। ফিলিস্তিনপন্থী অধিকারকর্মীদের দাবি, গাজায় অঙ্গহানি ও পুনর্বাসন সংকটের মতো বাস্তবতার মধ্যে সাবেক ইসরায়েলি সেনাকে দিয়ে এমন বিজ্ঞাপন করা পরিস্থিতির প্রতি সংবেদনশীলতার অভাব প্রকাশ করে।
