যশোরে জামায়াত ছেড়ে বিএনপিতে ২০ পরিবারের ৬০ সদস্য

যশোরের শার্শার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন ২০টি পরিবারের ৬০ সদস্য। গতকাল রবিবার সন্ধ্যায় বাগআঁচড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

​যোগদানকারীদের দাবি, জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অসন্তোষ কাজ করছিল। রাজনৈতিক পরিস্থিতি ও নিজেদের চিন্তা-চেতনা বিবেচনা করে তারা বিএনপির পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

​অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তাদের অভ্যর্থনা জানান।

​যোগদানকারী সদস্যদের মধ্যে রয়েছেন মনিরুল হক, জাহানারা বেগম, রোজিনা খাতুন, সানজিদা খাতুন, কোহিনূর বেগম, শুকজান, হোসনে আরা, রুপালি, মনিরুজ্জামান মনি, মিনু, ইসমাইল, রুমা, সালমা, আন্না, আবু তাহের, রেবেকা, জোসনা ও ঝরনা।

​অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানিয়ে মনিরুল হক বলেন, ‘জামায়াতের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করতেই আমরা বিএনপিতে যোগ দিয়েছি।’ আগামীতে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, সিনিয়র সহসভাপতি শাহাজান কবির, বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু, বিএনপি নেতা ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

 

এনএএন টিভি