মেক্সিকোতে ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজির বিস্ফোরণে ১০ জনের মৃত্যু

মেক্সিকোর একটি গ্রামে ধর্মীয় উৎসব চলাকালীন আতশবাজির বিস্ফোরণে দেয়াল ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৬০ জন। স্থানীয় সময় শনিবার রাতে মধ্য মেক্সিকোর তেমাসকালসিংগো পৌরসভার সান্তা মারিয়া কানচেসদা এলাকার দে লা লুজ গির্জার পাশে এই ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, স্থানীয় রীতি মেনে এক ধর্মীয় সন্তের (প্যাট্রন সেন্ট) সম্মানে আয়োজিত উৎসবের অংশ হিসেবে আয়োজিত আতশবাজি প্রদর্শনী দেখার জন্য সেখানে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় আতশবাজির বিস্ফোরণের ফলে দেয়ালে ধসে পড়া কাঠামোর নিচে বেশ কয়েকজন আটকা পড়েন। এতে অনেকে নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিস্ফোরণ-পরবর্তী দৃশ্য দেখা গেছে, ধোঁয়া ও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বহু মানুষ জীবিতদের সন্ধানে কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পৌরসভার ডায়োসিস (ধর্মপ্রদেশ) জানিয়েছে, যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার ও প্রিয়জন এবং যারা আহত হয়েছেন তাদের সবার জন্য আমরা প্রার্থনায় শামিল হচ্ছি। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

অতীতেও দেশটিতে আতশবাজি সংক্রান্ত দুর্ঘটনা প্রাণঘাতীর ঘটনা ঘটেছে। ২০১৮ সালের জুলাই মাসে মেক্সিকো সিটির উত্তরে তুলতেপেক শহরের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছিলেন। এর দুই বছর আগে একই শহরের একটি বাজারে আতশবাজির আরেকটি বিস্ফোরণে ৪২ জন প্রাণ হারিয়েছিলেন।

 

এনএএন টিভি