তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই এক্টিভ। তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢালী আম্বার্স রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে যোগদানের পরে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তরুণ প্রজন্মই পারে সকল বৈষম্য দূরীকরণসহ সকল স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে। এছাড়াও সমাজের সকল অসঙ্গতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই।

পরে তিনি সংক্ষিপ্ত সমাবেশে প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্দেশ্য কলেজের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহবায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মো. শফিক রেহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীসহ কলেজটির প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫ কে কেন্দ্র করে রিসোর্টটি মিলন মেলায় রুপ নেয়। দিনব্যাপী খাওয়া-দাওয়া আনন্দ-ফুর্তি ছাড়াও কনসার্টে সংগীত পরিবেশন করেন সুনামধন্য শিল্পীরা।

এনএএন টিভি / সুমন ইসলাম