অবশেষে ঝিনাইদহে দুই তরুণীর অনশনের অবসান হয়েছে। প্রেমিকা সাদিয়া চলে যাওয়ার পর অপর প্রেমিকা রুনাকে বিয়ে করে ঘরে তুলেছেন প্রেমিক শাহিন। ওই দুই তরুণীর অনশনের ঘটনা জেলাজুড়ে ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, গত শনিবার বিকাল ৫টার দিকে হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের আবুল কাসেমের কলেজপড়ুয়া মেয়ে রুনা বিয়ের দাবিতে হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের ইকরামুল হকের ছেলে শাহীনের বাড়িতে অবস্থান নেন। এ কথা শুনে অপর প্রেমিকা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুরের মেয়ে সাদিয়াও বিয়ের দাবিতে শাহীনের বাড়িতে অনশন শুরু করেন। কিন্তু রবিবার প্রেমিকা সাদিয়া তার সিন্ধান্ত বদল করেন। অনশন ভেঙে তিনি তার নিজ বাড়িতে চলে যান।
সাদিয়া স্বেচ্ছায় বাড়ি চলে যাওয়ায় রুনাকে বিয়ে করতে আর কোনো বাধা থাকে না শাহিনের। এরপর রবিবার রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার আজিজুর রহমান মিনুর বাড়িতে দুই লাখ টাকা কাবিনে রুনা ও শাহিনের বিয়ে সম্পন্ন হয়।
এ বিষয়ে রুনা জানান, ‘আমি প্রথম থেকেই শাহিনকে ভালোবাসি। তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। এখন আমার মনের আশা পূরণ হয়েছে।’
