‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালেই একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র ও জেলা তথ্য কর্মকর্তা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তথ্য অধিকার কার্যকরভাবে বাস্তবায়ন হলে নাগরিকরা যেমন সহজে সরকারি-বেসরকারি সেবাগুলো পাবে, তেমনি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তারা তথ্য অধিকারকে গণতান্ত্রিক অধিকার ও টেকসই উন্নয়নের হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।
এনএএন টিভি / ওমর ফারুক
