নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” প্রকল্পের আওতায় নীলফামারীতে ৩য় ব্যাচের ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা প্রশিক্ষণ ভবনে এক আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক দিলগীর আলম। এছাড়াও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সিনিয়র বিভাগীয় প্রধান ফরিদুল ইসলাম, কো-অর্ডিনেটর ছবি রানী, এবং প্রশিক্ষণার্থী হৈমন্তী রায় ও তাপসী অধিকারী তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণার্থী রুবি বানু।
সনদপ্রাপ্ত প্রশিক্ষণার্থী জান্নাতুন ফেরদৌস জুই ও উমাইরা কাদেরী জানান—তারা তিন মাসব্যাপী গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং সফট স্কিল বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাদের দাবি, প্রশিক্ষণের সময়সীমা আরও বাড়ানো হলে দক্ষতা অর্জন আরও সুদৃঢ় হবে। তবে এই সময়ের মধ্যেই তারা ফ্রিল্যান্সিংয়ে আয় করার সক্ষমতা অর্জন করেছেন।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর ছবি রানী জানান—এই প্রকল্পের মূল লক্ষ্য হলো যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরি করা। তিনি আরও বলেন, “সরকারের সরাসরি তদারকির ফলে প্রকল্পটি ইতোমধ্যেই দৃশ্যমান ফলাফল দিতে শুরু করেছে এবং দেশের দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তৈরির এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
প্রকল্পটির মাধ্যমে নীলফামারীর তরুণ-তরুণীরা ডিজিটাল দক্ষতা অর্জন করে কর্মসংস্থানের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। সনদপত্র বিতরণের এ আয়োজন তাদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস জোগাবে বলে আশা করা হচ্ছে।
এনএএন টিভি / ওমর ফারুক