অন্তবর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন জানিয়েছেন, দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা ও পার্বতীপুর লোকোমোটিভ কারখানাকে আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ রেল পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করতে এই দুই কারখানার সক্ষমতা বাড়ানো জরুরি। এজন্য দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হবে।
শেখ মইনউদ্দিন আরও বলেন, কারখানাটিতে শুধু কোচ সংস্কার নয়, নতুন কোচ তৈরিরও সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কারখানার ভেতরে আরেকটি উপ-কারখানা নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বর্তমানে পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে নতুনভাবে কোচ অ্যাসেম্বল কার্যক্রম শুরু হবে।
তিনি উল্লেখ করেন, বর্তমানে মাত্র ২৫ শতাংশ জনবল দিয়েই কারখানাটি সন্তোষজনক আউটটার্ন দিচ্ছে। দক্ষ জনবল নিয়োগ দেওয়া হলে এর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
এসময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএএন টিভি / ওমর ফারুক

One Reply to “সৈয়দপুর ও পার্বতীপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নের পরিকল্পনা”
Comments are closed.