গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে আট বছরের এক শিশু মারা গেছে। মৃত শিশু মো. ইফাত হোসেন (৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার উলুসারা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উলুসারা এলাকায় শীতলক্ষ্যা নদীতে তিন ছেলে গোসল করতে গিয়ে তাদের মধ্যে একজন শিশু নিখোঁজ হয়। প্রথমে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে বিকেল সোয়া তিনটার দিকে কাপাসিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান। পরে টঙ্গী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল চারটা থেকে উদ্ধার কাজ শুরু করে।
সন্ধ্যা ৬টার দিকে ডুবুরিরা নদীতে নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করা করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
