গরুবোঝাই ট্রাক থামাতে গিয়ে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বগুড়ায় গরুবোঝাই ট্রাক ধাওয়া করে থামাতে গিয়ে মেহেদী হাসান মিম (২২) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) রাত ১০ টায় বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কের মানিকচক বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান মিম বগুড়া শহরতলীর সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকার আতাউর রহমান মুকুলের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের কর্মী এবং বগুড়া সৈয়দ আহম্মেদ কলেজের ছাত্র ছিলেন।

জেলা ছাত্রলীগ নেতারা জানান, চোরাই গরু সন্দেহে গরুবোঝাই একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন ছাত্রলীগ কর্মী মিম ও তার এক সহযোগী। রাত ১০ টার দিকে মানিকচক এলাকায় ট্রাকের সামনে মোটরসাইকেল ব্যারিকেড দিয়ে গরুবোঝাই ট্রাকটি থামানো হয়। এরপর ছাত্রলীগ কর্মী মিম ট্রাকের কেবিনে উঠার চেষ্টা করেন। এ সময় চালক তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ট্রাকটি শনাক্ত করা যায়নি।

Share this news as a Photo Card