ঢাবি শিক্ষার্থী জয়নবের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুড়িগ্রামের জয়নবের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

আজ রবিবার (২১ জানুয়ারি) সকালে রৌমারী উপজেলার মন্ডল পাড়ার বাড়িতে তার মরদেহ নিয়ে এলে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের মাতম শুরু হয়।

জয়নব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিদ্যা বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ভ্রমণ করা ছিল তার শখ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণপিপাসুদের সংগঠন ‘ভ্রমণকন্যা’র সদস্য তিনি।

পড়াশোনার পাশাপাশি ট্যুরিস্ট সাইটে কাজ করতেন তিনি। কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহরের মন্ডলপাড়ার আব্দুল জলিল মিয়ার তিন সন্তানের সবার ছোট জয়নব।

অসচ্ছল পরিবারের মেয়ে জয়নব কোনো প্রকার কোচিং, টিউশনি ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। পড়ালেখার পাশাপাশি টিউশনি করে পড়ার খরচ চালাতেন। জয়নবের বাবা একজন কাঠমিস্ত্রি।

মেয়েকে উৎসাহ ও সাহস দিতেন। মেয়ের মৃত্যুর খবরে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এছাড়া মেয়ের মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছেন মা জুলেখা বেগম।

শুক্রবার সকালে ৫৮ জন ‘ভ্রমণকন্যা’র একটি দল ৫টি জিপ গাড়ি করে রুমা উপজেলায় যায়। ঘোরাফেরা শেষে শনিবার (২০ জানুয়ারি) দুপুরে বান্দরবান উপজেলার পর্যটনকেন্দ্র কেওক্রাডং থেকে বান্দরবান সদরে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের

দার্জিলিং পাড়া এলাকায় তাদের বহন করা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান জয়নবসহ দু’জন। এসময় আহত হন ৮ জন। নিহত জয়নবের মরদেহ জানাজা শেষে রৌমারী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি