চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) গভীর রাতে আগুন লাগার পর ভোরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে আব্দুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডেকে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাজারে প্রায় চারশ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আবদুল বাতের চায়ের দোকান, নুরু বকাউলের ভাতের হোটেল, আনাছের মিষ্টির দোকান, আলী আহমেদের ফলের দোকান, হেলালের মুদি দোকান, হাশিম ষ্টোর/ কসমেটিকস, নয়নের মিষ্টির দোকান, শরীফের মোবাইলের দোকান, সাজুর পানের দোকান ও নুরুর ফলের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান।
মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে তাদের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন।
