মহম্মদপুরে কর্মজীবী হোস্টেল থেকে সমাজসেবা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সরকারি কর্মজীবী মহিলা হোস্টেলের একটি কক্ষ থেকে পাপিয়া দত্ত (৩০) নামে সমাজসেবা অফিসের এক নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ মে) রাতে হোস্টেলটির কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি সেখানে একাই বসবাস করতেন।

পাপিয়া দত্ত খুলনার দৌলতপুর উপজেলার মিঠুন ধরের স্ত্রী। তিনি মহম্মদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে শিশু সুরক্ষা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, তার একটি ১২ বছরের কন্যা সন্তান রয়েছে।

মহম্মদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব জানান, পাপিয়া দীর্ঘদিন ধরে হোস্টেলটিতে অবস্থান করছিলেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা এখনো স্পষ্ট নয়।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে পুরো ঘটনা তদন্তাধীন।”

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

এনএএন টিভি