চলিত জানুয়ারি মাসের শেষে জমে ওঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮ তম আসর। গত শুক্র ও শনিবার সপ্তাহের প্রথম সরকারী ছুটির দিনে ছিলো কানায় কানায় পূর্ণ। কিন্তু এখনো হাকডাক করেও বিক্রি বাড়াতে পারছেনা ব্যবসায়ীরা। আর মেলার অভ্যন্তরে খাবার হোটেলের খাবারে রাখা হচ্ছে অতিমূল্য। আর নিন্মমানের খাবার খেয়ে ভোক্তা অধিকারে অভিযোগ করেও সুরাহা পাচ্ছেনা ভোক্তারা। অধিকারের অভিযান তৎপরতা কম থাকায় এমন ঘটছে দাবী মেলা সংশ্লিষ্টদের।
এদিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, মেলায় এবার অসংখ্য খাবার হোটেল বসেছে। মূল ভবনের রেস্তোরাটি এবার ৫৬ লাখ টাকায় বরাদ্দ পেয়েছেন ফোর স্টার কাবাব নামীয় প্রতিষ্ঠান। তারা ইপিবি তথা সরকার নির্ধারিত মূল্যে খাবার বিক্রি করছে। মেলায় আগত বিপুল পরিমাণ দর্শনার্থীরা তাদের ক্ষুধা নিবারনে কেনা কাটা ও ঘুরে দেখার পর খেতে বাধ্য হচ্ছেন অভ্যন্তরীণ হোটেলগুলোতে। তবে দাম নিয়ে ক্রেতাদের অভিযোগের শেষ নেই। শনির আখড়া থেকে ঘুরতে আসা দর্শনার্থী রাসেল বলেন, মেলায় স্বচক্ষে দেখলাম খোলা হাটবাজারের সব খোলা খাবার বিক্রি হচ্ছে। যেসব খাবারের কোন রকম মান নেই। আবার পরিমানে কম দিচ্ছে। এমনকি মানসম্মত খাবার খুঁজছেন যমুনা ব্যাংকের কর্মকর্তা মাইনউদ্দিন মিয়া। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসে কোন হোটেলের খাবারই পছন্দ করলেন না।
মিডিয়ার লোক পরিচয় পেয়ে এই প্রতিবেদককে তিনি বললেন, বাইরের খাবার হোটেলের চেয়ে ৪ গুন বেশি দামে এখানে সব খাবার বিক্রি হচ্ছে। আবার ৫০ টাকার সমপরিমাণ ফুসকার দাম রাখা হচ্ছে ১২০ থেকে ১৮০ টাকা। মনে হলো টাকার খেলা এখানে। তবুও বাধ্য খেলাম সরাই নামের একটি হোটেলে। সেখানে দই ফুসকা দেয়ার পর ময়লা পেয়ে আর দাম বেশি রাখায় মেলায় থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করি। কিন্তু তারা আমাকে তাৎক্ষণিক কোন সুরাহা না দিয়ে বিষয়টি দেখবে বলে চলে আসতে বলে।

একই ধরনের অভিযোগ করেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের কর্মকর্তা আব্দুল হাশেম মিয়াজি। তিনি বলেন, হাজী বিরিয়ানির নামে সাধারণ চিকেন বিরিয়ানি দিয়ে ৩৮০ টাকা রাখে। পরে দেখলাম ওই প্রকার বিরিয়ানির দাম ২৮০ টাকা। সংশ্লিষ্ট হোটেলের কাছে প্রথমে রিসিট না নিয়ে ভোক্তা অধিকারে জানাই। তখন তারা রশি আনতে বলে কিন্তু খাবার হোটেল থেকে রশিদ দেয়নি। তাই কোন আইনি ব্যবস্থা না পেয়ে গলাকাটা হলাম। নগরপাড়ার বাসিন্দা শাকিল আহমেদ বলেন, সরাই নামীয় একটি দোকানে নান রুটি ৭০ টাকা, চাপ ও গ্রিল কোয়ার্টার ২৫০ টাকা রাখলো। তাদের হোটেল বসানো হয়েছে খোলা জমিতে। যেখানে কোন প্রকার স্বাস্থ্য সম্মত পরিবেশ নাই। এসবের মাঝেই গলাকাটা দাম রাখা হচ্ছে। তারা ভোক্তাদের রশিদ দেয় না। রশিদ চাইলে খারাপ ব্যবহার করে।
এভাবে মেলাজুরে বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাম বেশি রাখা আর নিন্মমান নিয়ে হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ। খোলা খাবার, নোংরা ও অস্বাস্থয়কর পরিবেশে খাবার পরিবেশন করতে দেখা গেছে সরাই নামীয় খাবার হোটেলের লোকজনকে। এখানে ছোট আকারের ১০ পিস ফুসকার দাম রাখা হয় ১২০ থেকে ১৮০ টাকা। নানরুটি ৭০ টাকা আর ছোট আকারের মুরগীর চাপ ৩শ টাকা। আর চিকেন বিরিয়ানি ৩৬০ টাকা। ফুসকার মান ভালো না না থাকায় মুল্য নিয়ে ঝগড়া করতে দেখা গেছে দর্শনার্থীদের। অভিযোগ রয়েছে মেলার অভ্যন্তরে রয়েছে হাজী বিরিয়ানি নামে নানা প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানা যায়, এসব বিরিয়ানীর খাবার স্টলগুলোর সাইনবোর্ডে স্ব স্ব নাম ব্যবহার হলেও ভেতরের পরিচালনাকারীদের কেহই ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত নয়। শুধুমাত্র হাত বদল করে এসব স্টল চালাচ্ছে সিন্ডিকেটের লোকজন।
তবে মেলার ব্যবসায়ীদের দাবী খরচ বেশি তাই দাম রাখছি বেশি।
পুনাক ফুড নামীয় স্টলের ব্যবসায়ী আমানউল্লাহ বলেন, মেলায় স্টল পেতে লাখ লাখ টাকা খরচ করেছি, কর্মচারীদের বেতন দিতে হয়, আবার বাজারে গেলে সব কিছুর দাম বেশি। তাই মেলায় খাবারের দাম বেশি রাখা অযৌক্তিক কিছু না।
অপর ব্যবসায়ী শাহেদ বলেন, মেলায় খাবার নিয়ে এতো অভিযোগে থাকার পরও ভোক্তা অধিকার যেন নিষ্ক্রিয়। তাদের তৎপরতা নেই বললেই চলে। তাদের সঠিক দায়িত্ব পালন করলে এ পরিস্থিতি হতো না। ভালো প্রতিষ্ঠানগুলোও বিতর্কিত হচ্ছে। এখানে সব খাবার হোটেলই খারাপ না।
এসব বিষয়ে জানতে চাইলে মেলায় দায়িত্বরত কর্মকর্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর বিকাশ চন্দ্র দাশ বলেন, এবার নতুন সরকার গঠন করার পর থেকে মিডিয়ায় বক্তব্য দেয়ার প্রয়োজন হলে ডিজি মহোদয়ের অনুমতি লাগবে। তবে আমরা মেলায় অভিযোগ পেলে দু একদিনের মধ্যে সংশ্লিষ্ট বিবাদির প্রতিষ্ঠানে গিয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করে থাকি৷ একই সময় সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ বলেন, আমাদের ক্যামেরার সামনে কথা বলার অনুমতি নেই। তবে সবগুলো অভিযোগ আমলে নেই। হয়তো সময় লাগে। এ সময় তিনি তাদের তৎপরতা আছে দাবী করে নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছেন।

Comments are closed.