রাজধানীর মোহাম্মদপুরের অবৈধ পার্কিংয়ের কারণে মামলা দেওয়ায় এক নারী সার্জেন্টকে মারধর করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ভুক্তভোগী সার্জেন্ট হাসিনা খাতুন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে গতকাল শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দু’জন হলেন তাসফিয়া ইসলাম (২২) ও তার মা দিলারা আক্তার (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়,
গতকাল দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত শিয়া মসজিদ ক্রসিং এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট হাসিনা খাতুন।
বিকেল সাড়ে পাঁচটার দিকে তাজমহল রোডে রং পার্কিং করা দুটি প্রাইভেটকারকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৭ ধারায় প্রতিবন্ধকতার মামলা দেওয়া হয়।
কিছুক্ষণ পর ঢাকা মেট্রো-গ-৪২-১৩০১ মালিক দিলারা আক্তার গাড়িতে কেন ৫ হাজার টাকার মামলা দেওয়া হলো জানতে চান।
এসময় সার্জেন্ট হাসিনা তার বডিতে থাকা বডি ওয়ার্ন ক্যামেরায় রের্কড থাকা ভিডিও দেখান। সেখানে রং পার্কিংয়ের বিষয়টি ধরা পড়ে।
তাকে বিষয়টি বুঝিয়ে বলা হলেও তিনি বুঝতে চাননি। একপর্যায়ে তিনি চড়াও হন।
এরপর তার মেয়ে তাসফিয়া ইসলামও এসে যুক্ত হয়ে ওই সার্জেন্টের গায়ে হাত তোলেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঞা বলেন,
রং পার্কিংয়ের মামলা দেওয়া মা-মেয়ে ক্ষুব্ধ হয়ে ডিউটিরত অবস্থায় নারী সার্জেন্টের গায়ে হাত তোলেন।
মেয়েটা দেশের বাইরে পড়াশোনা পড়াশোনা করেছে। তার বাবা জনতা ব্যাংকের কর্মকর্তা।
এ ঘটনায় সার্জেন্ট হাসিনা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।
