বর্তমান কর্মব্যস্ত জীবনে দ্রুততার কারণে অনেকেই সকালে সঠিকভাবে নাশতা করতে পারেন না। এর সঙ্গে যোগ হয় যাতায়াতের ক্লান্তি, অফিসের কাজের চাপ, টেনশন ও মিটিংয়ের সময়সূচির তাড়া—সব মিলিয়ে শরীর দ্রুত দুর্বলতা অনুভব করে। কখনো কখনো বমি বমি ভাব, গা গোলানো, মাথা ঘোরা কিংবা হালকা পেটের সমস্যা দেখা দেয়। এই অবস্থায় অফিসে কীভাবে নিজেকে সামলে রাখবেন, নিচে দেওয়া হলো কিছু কার্যকর ও প্রমাণিত ঘরোয়া উপায়—
আদা কুচি
ব্যাগে সবসময় আদা কুচি রাখতে পারেন। যখনই গা গোলাবে তখন আদা মুখে পুরে দেবেন। একটু বিট লবণ লাগিয়ে নিলে ভালো লাগবে। আদা খেলে বমি বমি ভাব চলে যাবে।
জোয়ান
গ্যাসের সমস্যা কমাতে জোয়ান দারুণ উপকারী। তাই ব্যাগে, পারলে অফিসের ড্রয়ারে সবসময় জোয়ান রেখে দিন। বমি পেলে খানিকটা জোয়ান চিবিয়ে নিন। দেখবেন বমি ভাব ঠিক হয়ে গেছে। শরীরের অস্বস্তিও চলে যাবে। বদহজম দূর করতেও জোয়ান ভালো কাজ করে।
শসা
বমি বমি ভাব বা শরীর খারাপ লাগলে ভারী খাবার এড়িয়ে চলুন। তবে পেট খালি রাখলেও চলবে না। সেক্ষেত্রে শসা খেতে পারেন। শুকনো মুড়ির সঙ্গে শসা খাওয়া যেতে পারে। গ্যাসের সমস্যা কাটাতে শসা দারুণ কাজ দেবে। তা ছাড়া গা গোলানো, বমি বমি ভাবও কমে যেতে পারে শসা খেলে। শরীরে পানির ঘাটতিও পূরণ করে শসা।
শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম
বাড়ির বাইরে শরীর খারাপ করলে অনেকেই ভয় পেয়ে যান। তাতে হৃদস্পন্দনের হার বেড়ে যায়। তাই সেটা করবেন না। শান্ত হয়ে বসে লম্বা শ্বাস নিন। অল্প অল্প পরিমাণে খান। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। এতে শরীর ভালো লাগবে।
