পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান, পাট চাষি অলিয়ার রহমান এবং সৈয়দপুর এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল হাবিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, দেশের ঐতিহ্যবাহী পাট শিল্পের জৌলুস ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া জুটমিলগুলো পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আরও বলেন, পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। এতে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তেমনি পাটের পণ্যের প্রতি মানুষের আগ্রহও বাড়বে।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এনএএন টিভি/ওমর ফারুক
