ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান পঞ্চপুকুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও জনসেবামূলক স্থাপনা পরিদর্শন করেন।
সোমবার দুপুরে তিনি পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পঞ্চপুকুর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল গফুর হাসুর উদ্যোগে স্থাপিত মিনি ফায়ার স্টেশন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “নীলফামারীর এই এলাকায় নির্বাচন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু। জনগণের সচেতন অংশগ্রহণ এবং প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।” তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ করে পঞ্চপুকুর বাজারে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে মিনি ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে জেলা প্রশাসক বাজার কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ দুর্ঘটনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের জান-মাল নিরাপদ রাখবে।”
এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহ ঘুরে দেখেন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মান আরও বাড়ানোর বিষয়ে গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার, ইউপি সদস্যগণ,এবং চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর হাসু, বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিক আরিফ এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে পঞ্চপুকুর বাজারের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। জেলা প্রশাসক তাদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
সবমিলিয়ে নির্বাচন পরবর্তী সময়ে পঞ্চপুকুরে জেলা প্রশাসকের এই পরিদর্শন স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দেয় এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নতুন গতি দেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
