সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:  সৌদি আরবে বজ্রবৃষ্টির সময় খেজুর গাছ থেকে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৪) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে মদিনার আল উলা শহরে এ দুর্ঘটনা ঘটে।

আবু বক্কর সিদ্দিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ফরিদুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের প্রতিবেশী এনামুল হক বলেন, আবু বক্কর সিদ্দিক কর্মজীবনের শুরুতে চট্টগ্রাম নগরীর টেরিবাজারে একটি দোকানে চাকরি করতেন। এরপর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান আবু বক্কর সিদ্দিক। সেখানে আল উলা শহরে খেজুরগাছে কাজ করার সময় বজ্রবৃষ্টির মধ্যে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন বলেন, বর্তমানে আমি নিহতের বাড়িতে রয়েছি। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের চাচা বেলাল উদ্দিন বলেন, আবু বকর সিদ্দিক বিগত সাড়ে ৪ বছর আগে ভিসা নিয়ে সৌদি আরব যায়। সে মদিনায় একটি খেজুর বাগানে কাজ করত। গতরাতে সেখানে থাকা এলাকার লোকজনের মাধ্যমে তার মৃত্যুর খবরটি আমরা জানতে পেরেছি।

Share this news as a Photo Card