ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম শুরু, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী দাওয়াতি মাস সফল করতে এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষে নারায়ণগঞ্জে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই দাওয়াতি সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “হজরত পীর সাহেব চরমোনাই ঘোষিত ১লা নভেম্বর থেকে ৩০শে নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস ঘোষণা করা হয়েছে। সেই দাওয়াতি মাস ঘোষণা উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আজকে নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে দাওয়াতি সভা অনুষ্ঠিত হচ্ছে।

সকলকে আহ্বান জানাবো ইসলাম, দেশ, মানবতার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য গ্রহণ করবেন।”

দেশের দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপট ও দুর্নীতির সমালোচনা করে তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে বা যারাই ক্ষমতায় এসেছিলেন আমাদের দেশের কি উন্নয়ন করেছে কি অগ্রগতি করেছে এটা আমরা সকলেই জানি। স্বাধীনতার পর থেকে তারা আজ পর্যন্ত এ নারায়ণগঞ্জে চাদাঁবাজি করেছে, খুন খারাবি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া বানিয়েছে। অতএব নারায়ণগঞ্জের মানুষকে বলব, দেশবাসীকে বলব স্বাধীনতার পর থেকে অনেক আশ্বাস অনেকেই দিয়েছে, অনেক অলীক স্বপ্ন দেখিয়েছে। কিন্তু এদেশের মানুষকে শান্তিময় ও সমৃদ্ধশালী রাষ্ট্র উপহার দিতে হলে একমাত্র ইসলামী শরীয়ার পক্ষে আসতে হবে।”

অনুষ্ঠানে সহ-সভাপতি মাসুম বিল্লাহ তার বক্তব্যে বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত পুরো নভেম্বর মাস দাওয়াতি মাস উপলক্ষে আজকের এই নারায়ণগঞ্জ মহানগরের দাওয়াতি মাস উদ্বোধনী উপলক্ষে সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জননেতা হযরত মাওলানা আরিফুল ইসলাম ভাই, মঞ্চে উপস্থিত নগর ও থানা নেতৃবৃন্দ। আমরা দীর্ঘক্ষণ যাবত বক্তব্য শুনছি। আমাদের এ দাওয়াতি মাস উপলক্ষে অনেক ভাইবোনেরা সদস্য হয়েছেন। যারাই সদস্য হয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই।”

তিনি আরও বলেন, “যদি আপনার একটি সমাজকে শান্তিময় করতে চান, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করতে চান, টেন্ডারবাজি মুক্ত করতে চান, সুশাসন চান, আইনের শাসন প্রতিষ্ঠা চান, শরীয়ার বিকল্প নেই। ইসলামী শাসনের বিকল্প নেই। আল্লাহ, আল্লাহর রাসূলের আদর্শের বিকল্প নেই। তাই আসুন, আমরা সকলে আমাদের নিজের জান-মাল রক্ষার্থে, আমাদের বাড়ির জান-মাল রক্ষার্থে, আমার মা-বোনদের ইজ্জত রক্ষার্থে ইসলামী শরীয়ার পক্ষে নিন। ইসলামী বাংলাদেশের পতাকা তলে সকলে যোগদানের আহ্বান জানিয়ে শেষ করছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি সফিকুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ সুলতান মুহাম্মদ, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল এবং সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মোহাম্মদ বিলাল খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

এনএএন টিভি

 

Share this news as a Photo Card