নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলজুড়ে আজ এক আতঙ্কের নাম জজ মিয়া ওরফে ‘বাট্টু জজ’। অভাবের তাড়নায় দিন কাটানো যে মানুষটির একসময় পেটে ভাত জুটতো না, রাজনৈতিক পালাবদলের হাওয়া লাগিয়ে সে আজ শতকোটি টাকার অবৈধ সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। নিজেকে কখনো তৃণমূল বিএনপির শীর্ষ নেতা, কখনো বা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সক্রিয় ক্যাডার হিসেবে পরিচয় দেওয়া এই বহুমুখী চরিত্রটি ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি বনে গেছেন ‘ত্যাগী বিএনপি ও যুবদল নেতা’। কিন্তু তার এই খোলস বদলানোর পেছনের ইতিহাস রক্তে ভেজা, চাঁদাবাজিতে সমৃদ্ধ এবং সাধারণ মানুষের কান্নায় ভারী। রূপগঞ্জ ইউনিয়নের বাগবের, টিনর ও গোয়ালপাড়া এলাকা আজ এই এক ব্যক্তির সন্ত্রাসী বাহিনির বুটের নিচে পিশে মরছে।
অনুসন্ধানে জানা যায়, ৫ আগস্টের আগে তৈমুর আলম খন্দকারের তৃণমূল বিএনপির ছত্রছায়ায় এবং কখনো জয়বাংলা স্লোগান দিয়ে যুবলীগের শেল্টারে চাঁদাবাজি ও জালিয়াতিই ছিল তার মূল পেশা। কাকতালীয়ভাবে সাবেক এক জেলা ছাত্রদল নেতার সাথে দেখা করতে যাওয়ার একটি ছবি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের সময় ক্যামেরাবন্দি হয়। পরবর্তীতে সেই ছবিকেই নিজের ‘রাজনৈতিক সিলমোহর’ হিসেবে ব্যবহার করে নিজেকে যুবদলের বড় নেতা হিসেবে জাহির করতে শুরু করে জজ মিয়া। এই ভুয়া পরিচয়ের আড়ালে সে গড়ে তোলে এক দুর্ধর্ষ ক্যাডার বাহিনী। বাগবের ও গোয়ালপাড়া এলাকার পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নেওয়া, প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ, এবং রাতের অন্ধকারে ডাকাতি করে ইতোমধ্যে সে হাতিয়ে নিয়েছে কোটি টাকারও বেশি সম্পদ। এই সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব থেকে কেবল রাজনৈতিক প্রতিপক্ষরাই রেহাই পাননি, খোদ স্থানীয় বিএনপির অনেক নেতাকর্মীও তার হামলা ও মামলার শিকার হয়েছেন। তাঁতিদল নেতা মৃদুলকে নিজ হাতে চাকু দিয়ে পিঠে ৩০টির অধিক কোপানোর লোমহর্ষক ঘটনা আজও এলাকার মানুষের মনে শিহরণ জাগায়। পূর্বাচলের শত শত বিঘা জমি দখল, অবৈধ চোরাই তেলের দোকান নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং লালন করার মাধ্যমে জজ মিয়া রূপগঞ্জের অপরাধ জগতের ডন হয়ে উঠেছে।


অপরাধ সাম্রাজ্য
অনুসন্ধানে জানা গেছে, রূপগঞ্জের আবাসন শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো আজ তার চাঁদাবাজির সরাসরি শিকলবন্দি। ফরটিস গ্রুপকে নিয়মিত দিতে হয় মাসে ১০ লাখ টাকা। স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন হাসান খোকন থেকে ৫ লাখ এবং তাঁতীলীগ নেতা আলম থেকে প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা আদায় তার নিত্যদিনের রুটিন। সাধারণ মানুষের ওপর তার জুলুমের মাত্রা এতটাই ভয়ংকর যে, বাদশা মেম্বার ও তার পরিবারের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। এলাকার নিরীহ বাসিন্দা জালাল তার নিজ অফিসে একটি টেলিভিশন দাবি করলে, তা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে দেয় এই লম্পট সন্ত্রাসী। শুধু তাই নয়, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন, জমি দখল এবং নিজের অমতে সামান্য কিছু ঘটলে দলবল নিয়ে হামলা চালানো তার গ্যাংয়ের নিয়মিত কাজ। সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য সে এলাকায় একচ্ছত্র ত্রাসের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে।
অবৈধ সম্পদ, গাড়ি-বাড়ি
অনুসন্ধানে জানা গেছে, জজ মিয়ার এই আকাশচুম্বী সাফল্যের পেছনে রয়েছে এক অন্ধকার চোরাবালি। একসময়ের রিকশাচালক বা দিনমজুর গোছের পরিবারের সন্তান জজ মিয়া আজ রূপগঞ্জে একাধিক বিলাসবহুল বাড়ি ও দামি গাড়ির মালিক। রাজধানীর উপকণ্ঠে ও রূপগঞ্জের বিভিন্ন লোকেশনে তার রয়েছে বেনামে কেনা প্লট ও ফ্ল্যাট। টিনর ও বাগবের এলাকায় তার গড়ে তোলা আলিশান ডুপ্লেক্স বাড়িটি স্থানীয়দের কাছে ‘সন্ত্রাসের দুর্গ’ হিসেবে পরিচিত। এই বাড়িতেই বসে তার ক্যাডার বাহিনীর গোপন বৈঠক এবং অবৈধ মাদকের আড্ডা। এছাড়া তার ব্যক্তিগত ব্যবহারের জন্য রয়েছে একাধিক হাই- ব্র্যান্ডের মোটরসাইকেল ও প্রাইভেট কার, যা সে চাঁদাবাজির টাকায় কিনেছে। তার অবৈধ সম্পদ অর্জনের এই উল্লস্ফন দেখে এলাকার সাধারণ মানুষ ও প্রশাসনও হতবাক। কীভাবে একজন সামান্য ছিঁচকে অপরাধী থেকে রাতারাতি শতকোটি টাকার মালিক বনে গেল, তা নিয়ে এখন রূপগঞ্জের প্রতিটি চা-স্টলে চলছে আলোচনা-সমালোচনা।
নারী কেলেঙ্কারির অন্তরালে
স্থানীয় এলাকাবাসী সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, নিজের অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রাখতে জজ মিয়া গড়ে তুলেছে একটি দুর্ভেদ্য ক্যাডার বাহিনী। গোয়ালপাড়া ও বাগবের এলাকার চিহ্নিত মাদক কারবারি, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের লিডারদের নিয়ে গঠিত এই বাহিনী তার ইশারায় যেকোনো অপকর্ম ঘটাতে দ্বিধাবোধ করে না। এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে সে কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসা পরিচালনা করছে।
এর পাশাপাশি জজ মিয়ার ব্যক্তিগত চরিত্র নিয়ে রয়েছে নানা বিতর্ক ও অন্ধকার অধ্যায়। ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয় নিরীহ নারীদের ব্ল্যাকমেইল করা, অনৈতিক প্রস্তাব দেওয়া এবং পারিবারিক কলহের সুযোগ নিয়ে বিভিন্ন পরিবারকে জিম্মি করার বহু অভিযোগ তার নামের সাথে জড়িয়ে আছে। ক্ষমতার দাপট দেখিয়ে সে একাধিক নারীর জীবন দুর্বিষহ করে তুলেছে এবং প্রতিবাদকারীদের মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছে। তার এই নারী কেলেঙ্কারি ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে এলাকার সাধারণ পরিবারগুলো চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
