ইসরায়েলি বেসামরিককে গুলি করে হত্যা, গাড়িতে আগুন

দখলকৃত পশ্চিম তীরের কালকিলিয়া শহরের কাছে গুলিবিদ্ধ হয়ে একজন ইসরায়েলি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এরপর সেনারা ওই এলাকায় অভিযান শুরু করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স ও টাইমস অব ইসরায়েলের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সামরিক বাহিনী জানায়, ইসরায়েলের সেনা ও পুলিশ এ ঘটনার তদন্ত করছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।

এক বিবৃতিতে তারা বলেছে, একজন ইসরায়েলি বেসামরিক নাগরিককে ওই এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়। আইডিএফের সেনারা বর্তমানে কালকিলিয়া এলাকায় কাজ করছেন।

ইসরায়েলি গণমাধ্যমে মৃত ব্যক্তিকে ৬০ বছর বয়সী একজন ইহুদি ইসরায়েলি নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইসরায়েলি সরকারি সম্প্রচারকারী কান জানিয়েছে, লোকটিকে গাড়ি চালিয়ে কালকিলিয়ায় যাওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে তার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সাম্প্রতিক দিনগুলোতে কালকিলিয়া ও এর আশপাশে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে। ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, শহরে ইসরায়েলি অভিযানে অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের যোদ্ধা হিসেবে চিহ্নিত করেছে।

১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে সহিংসতা এক বছরেরও বেশি সময় ধরে বেড়ে চলেছে, বিশেষ করে ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে কমপক্ষে ৫৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে, ফিলিস্তিনিদের হামলায় পশ্চিম তীরে একই সময়ের মধ্যে অন্তত ১৪ ইসরায়েলি নিহত হয়েছে।

এনএএন টিভি