মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে মংডু ছেড়ে পালানোর সময় সেখানকার একটি ইঞ্জিনচালিত নৌকা কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে এসে ভিড়েছে। নৌকাটিতে ৩৩ জন লোক ছিল। তাদের ৩১ জন মংডু এলাকার রোহিঙ্গা, একজন মিয়ানমারের সেনা সদস্য এবং অন্যজন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য।
গতকাল শুক্রবার ভোরে মিয়ানমারের নৌকাটি সেন্ট মার্টিন দ্বীপে ভিড়লে দায়িত্বরত বিজিবি নিজেদের হেফাজতে রাখে। পরে গতকাল বিকেল পৌনে ৫টার দিকে একই নৌকায় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, শুক্রবার সকালে রোহিঙ্গা ও বিজিপি সদস্য দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজিবি হেফাজতে রাখা হয়। সশস্ত্র বিজিপি সদস্যদের মধ্যে একজন ক্যাপ্টেন ও অন্যজন সার্জেন্ট। পরে তাদের ট্রলারের যান্ত্রিক ত্রুটি কাটিয়ে বিকালে সচল হওয়ার পর তারা স্বদেশের উদ্দেশ্যে দ্বীপ ছাড়েন।
সেন্টমার্টিনে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) দায়িত্বপ্রাপ্ত সুবেদার সানোয়ার হোসেন বলেন, সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগ এবং ইঞ্জিল বিকল হওয়ার কারণে মিয়ানমারের ট্রলারটি ৩৩ জন নিয়ে দ্বীপে ভেসে এসে ভিড়েছিল। বিকালে ট্রলারটি গন্তব্যের উদ্দেশ্যে ফিরে গেছে।
তিনি আরও বলেন, নৌকাটিতে ১০ জন রোহিঙ্গা পুরুষ, ১০ জন নারী, ১১ জন শিশু এবং দুজন মিয়ানমার বিজিপি ও সেনা সদস্য ছিল। তাদের বিজিবি হেফাজতে রেখে বিকেল পৌনে ৫টার দিকে মিয়ানমারের উদ্দেশে ফেরত পাঠানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড।

One Reply to “সেন্ট মার্টিনে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়েছে”
Comments are closed.